‘গরিবী হটাও’ স্লোগান নিয়ে পূর্বতন সরকারকে কটাক্ষ মোদীর

দারিদ্র্য দূরীকরণে সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-র বার্ষিক সাধারণ সভা ও শতবর্ষ উদযাপন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৭ এপ্রিল, ২০২৭ সালে প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ করবে ফিকি। সেই উপলক্ষে ২০২৬-২৭ অর্থবর্ষকে সংগঠনের শতবর্ষ উদযাপনের বছর হিসেবে পালন করা হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে গত এক শতাব্দীতে ভারতের অর্থনীতির উত্থান-পতন ও পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। পূর্বতন কংগ্রেস সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে তিনি বলেন, গত ১০০ বছরে ভারতীয় অর্থনীতি নানা পর্যায়ের মধ্য দিয়ে এগিয়েছে। দেশ লাইসেন্স-কোটা রাজের সময়কাল দেখেছে, জাতীয়করণের ব্যর্থ পরীক্ষার সাক্ষী থেকেছে। এমনকি একবিংশ শতাব্দীতে ভারতকে বিশ্বের পাঁচটি দুর্বল অর্থনীতির অন্যতম বা ‘ফ্র্যাজাইল ফাইভ’-এর তালিকাতেও রাখা হয়েছিল। তবে গত ১২ বছরে দেশের যুবসমাজ, কৃষক, শ্রমিক ও শিল্পোদ্যোগীদের কঠোর পরিশ্রমে সেই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটেছে বলে দাবি করেন তিনি।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী জানান, গত ১২ থেকে ১৩ বছরের মধ্যে ভারতের প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমা অতিক্রম করেছেন। এই প্রসঙ্গে সত্তরের দশকের বহুল আলোচিত ‘গরিবী হটাও’ স্লোগান তুলে ধরে তৎকালীন সরকারের নীতি ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সত্তরের দশকে যখন ‘গরিবী হটাও’ স্লোগান দেওয়া হয়েছিল, তখন দেশের জনসংখ্যা ছিল প্রায় ৫০ কোটি। সেই সময়েও দারিদ্র্য দূর করা সম্ভব ছিল। কিন্তু তৎকালীন নীতিতে ত্রুটি ছিল এবং দুর্ভাগ্যজনকভাবে যথাযথ সদিচ্ছারও অভাব ছিল। ফিকি নিজেও সেই সময়ের পরিস্থিতির সাক্ষী বলে মন্তব্য করেন তিনি।

মোদীর দাবি, বর্তমান সরকার সঠিক নীতি ও সদিচ্ছা নিয়ে কাজ করায় মাত্র ১২ থেকে ১৩ বছরের মধ্যে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে আসতে পেরেছেন। তাঁর মতে, এই সাফল্যই প্রমাণ করে যে ভারত বর্তমানে যে গতি ও দিশায় এগিয়ে চলেছে, তা সঠিক এবং দেশের ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও সুদৃঢ় করছে।

Read More News

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত মাওবাদী...

Read More

1 week ago

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ...