গুজরাটে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : গুজরাটের আনন্দ জেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচ জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে সমাজমাধ্যমে প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গুজরাটের আনন্দে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেসওয়েতে আনন্দ ও নাদিয়াদের মধ্যবর্তী এলাকায় একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। আরও পাঁচ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সাই দর্শন ট্রাভেলসের ওই বাসটি সুরাট থেকে রাজস্থানের উদ্দেশে যাচ্ছিল। ভোররাত সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে আনন্দ ও নাদিয়ার মধ্যবর্তী এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। আচমকা সংঘর্ষের বিকট শব্দে বাসের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু যাত্রী হুড়োহুড়ি শুরু করেন এবং কয়েকজন বাসের ভিতরে আটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংঘর্ষের অভিঘাতে বাসটির সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। পাশাপাশি মৃত ও আহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়াও চলছে।

দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই সংঘর্ষ ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Read More News

Read More