সকাল সকাল ডেস্ক
মস্কো, ১৮ নভেম্বর। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৯ জন। মঙ্গলবার রাতে কেমেরোভো অঞ্চলের ইয়াগুনোভো গ্রামের কাছে ভেঙে পড়ে রুশ সামরিক বাহিনীর একটি পণ্য ও সেনা পরিবহণকারী বিমান। দুর্ঘটনায় বিমানে থাকা সকলের মৃত্যু হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল, দমকল বাহিনী ও জরুরি পরিষেবার কর্মীরা।
রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল সোভিয়েত আমলে নির্মিত আন্তোনভ এএন-১২ সামরিক পরিবহণ বিমান। নির্ধারিত পথে উড়ান চলাকালীন হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। প্রথমে স্থানীয় সংবাদমাধ্যমে ১৩ জনের মৃত্যুর খবর প্রকাশিত হলেও পরে প্রতিরক্ষা মন্ত্রক জানায়, বিমানে থাকা মোট ১৯ জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বিমানের চালক ও অন্যান্য কর্মীরাও রয়েছেন।
কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক জানিয়েছেন, ইয়াগুনোভো গ্রামের কাছে জনবসতিহীন এলাকায় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থল আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। মাটিতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ পরীক্ষা করে পরিস্থিতি খতিয়ে দেখে।
দুর্ঘটনার কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়ে থাকতে পারে। রুশ সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কোন যন্ত্রাংশে সমস্যা দেখা দিয়েছিল, তা এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে, রুশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিমানের চারটি ইঞ্জিনের মধ্যে একটিতে জ্বালানি চুঁইয়ে পড়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আগুন থেকে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। পাশাপাশি জলচাপচালিত নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও গোলযোগের আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব সম্ভাবনাকে দুর্ঘটনার নিশ্চিত কারণ হিসেবে মানতে নারাজ সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, আন্তোনভ এএন-১২ সোভিয়েত আমলে তৈরি চার ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহণ বিমান। গত শতাব্দীর পঞ্চাশের দশকের শেষ দিক থেকে এই ধরনের বিমান ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিনের পুরনো হলেও রাশিয়া-সহ বিভিন্ন দেশে এখনও সামরিক সরঞ্জাম ও পণ্য পরিবহণের কাজে এই বিমান ব্যবহৃত হয়।
একসঙ্গে ১৯ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিমানের ধ্বংসাবশেষ ও যান্ত্রিক ব্যবস্থা পরীক্ষা করছেন তদন্তকারীরা। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
No Comment! Be the first one.