মুম্বই : বলিউডে স্বজনপোষণ বা নেপোটিজম বিতর্ক নতুন নয়। তারকা পরিবারের সন্তানদের চলচ্চিত্র জগতে সুযোগ পাওয়া থেকে শুরু করে তাঁদের সাফল্যের নেপথ্যে পারিবারিক পরিচয়ের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবার সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা হিসেবে নিজের পরিচয় নিয়ে কোনও অস্বস্তি নেই তাঁর। বরং বাবার মেয়ে হতে পেরে তিনি গর্বিত বলেই স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী।
২০১৯ সালে করণ জোহরের প্রযোজনায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অনন্যা। প্রথম ছবি থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছিল স্বজনপোষণ বিতর্ক। তারকা পরিবারের সদস্য হওয়ার সুবাদে তিনি সহজেই বলিউডে সুযোগ পেয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন সমালোচকদের একাংশ। তবে সেই বিতর্ককে কখনও নিজের পরিচয়ের পথে বাধা হতে দেননি অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন প্রজন্মের অভিনেতাদের কাজের ধরন এবং সাফল্যের সংজ্ঞা নিয়ে কথা বলেন অনন্যা। তাঁর মতে, বর্তমান প্রজন্মকে অনেক সময় অকারণে সমালোচনার মুখে পড়তে হয়। আগের প্রজন্মের কাছে সাফল্যের যে সংজ্ঞা ছিল, সময়ের সঙ্গে তা অনেকটাই বদলে গিয়েছে। আগে সফল হওয়ার জন্য একটি নির্দিষ্ট পথ অনুসরণ করার প্রবণতা থাকলেও এখন প্রত্যেকে নিজের মতো করে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
অনন্যা জানান, তিনি ব্যস্ততার মধ্যেই থাকতে ভালোবাসেন। যত বেশি সম্ভব কাজ করতে চান। তবে তাঁর প্রজন্মের অন্য অনেকেই ভিন্নভাবে কাজ করে সমান সাফল্য অর্জন করছেন। প্রত্যেকের কাজের পদ্ধতি আলাদা এবং সেই পার্থক্যকে সম্মান করা উচিত বলেই মনে করেন অভিনেত্রী।
স্বজনপোষণ প্রসঙ্গে নিজের পারিবারিক পরিচয় নিয়েও অকপট অনন্যা। তাঁর কথায়, চাঙ্কি পাণ্ডের মেয়ে হওয়ার বিষয়টি অস্বীকার করার কোনও কারণ নেই। বাবার পরিচয় তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই সেই পরিচয় থেকে নিজেকে কখনও আলাদা করতে চান না তিনি।
অভিনেত্রী বলেন, তিনি নিজের বাবার মেয়ে হতে পেরে গর্বিত। মানুষ তাঁকে নিয়ে কী ভাবছেন, তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজেই মন দিতে চান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের স্বপ্নপূরণের সুযোগ পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান তিনি। বলিউডে কাজ করার সুযোগ পাওয়াকে নিজের সৌভাগ্য বলেও মনে করেন অনন্যা।
এদিকে, অভিনেতা টাইগার শ্রফকে হুমকি দেওয়ার প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেছেন অনন্যা। তাঁর মতে, এই ধরনের ঘটনা অত্যন্ত ভীতিকর। শুধু চলচ্চিত্র তারকাদের নিরাপত্তা নয়, সাধারণ দর্শকদের সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। তাই সকলের আরও সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বলিউডে স্বজনপোষণ নিয়ে বিতর্ক চললেও নিজের পারিবারিক পরিচয় আড়াল করতে রাজি নন অনন্যা। একই সঙ্গে অভিনয়ের মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার দিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি। তাঁর এই মন্তব্য নতুন করে তারকা সন্তানদের সুযোগ, পরিশ্রম এবং সাফল্য নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
No Comment! Be the first one.