ভারত সিরিজের আগে ধাক্কা, ২৫ শতাংশ বেতন কমছে ক্যারিবিয়ান ক্রিকেটারদের

সকাল সকাল ডেস্ক

আগামী রবিবার থেকে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়েই ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের। কিন্তু গুরুত্বপূর্ণ সিরিজের ঠিক আগে বড় ধাক্কা ক্যারিবিয়ান ক্রিকেটে। তীব্র আর্থিক সংকটের কারণে ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের প্রভাব পড়বে শাই হোপ, আলজারি জোসেফদের মতো আন্তর্জাতিক ক্রিকেটারদের উপরেও।

দীর্ঘদিন ধরেই আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। পরিস্থিতি সামাল দিতে এবার গোটা আর্থিক কাঠামো পুনর্গঠনের পথে হাঁটছে তারা। সেই পরিকল্পনার প্রথম ধাপেই ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ডের তরফে জানানো হয়েছে, আর্থিক চাপ সামলে ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা হয়েছে। কঠিন পরিস্থিতিতে খেলোয়াড়রা যেভাবে বোর্ডের পাশে দাঁড়িয়েছেন, তার প্রশংসাও করেছে কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটারদের ১২ মাসের চুক্তির আওতায় রাখা হলেও তাঁরা বেতন পাবেন সাত মাসের জন্য। বোর্ডের দাবি, আর্থিক স্থিতিশীলতা ফেরানোর জন্য আপাতত এই ব্যবস্থা প্রয়োজন। কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করেছে, এই পরিস্থিতি আদর্শ নয়। তবে বর্তমান আর্থিক অবস্থায় খরচ কমানো ছাড়া বিকল্প পথও সীমিত।

এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও প্রশ্ন উঠছে। ওয়েস্ট ইন্ডিজের বহু ক্রিকেটার এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেন। জাতীয় দলের চুক্তি থেকে আয় কমে গেলে তাঁদের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ঝোঁক আরও বাড়তে পারে।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতনেই নয়, ঘরোয়া ক্রিকেটের কাঠামোতেও বড় পরিবর্তন আনা হচ্ছে। পুরুষ ও মহিলা ক্রিকেটের দুটি প্রতিযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বেতন, ম্যাচ ফি, হোটেল, বিমানভাড়া এবং ম্যাচ আয়োজনের খরচও কমানো হচ্ছে।

বোর্ডের মূল্যায়ন, গত প্রায় ১৫ বছরে বিভিন্ন খাতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, তার তুলনায় প্রত্যাশিত আর্থিক ফল পাওয়া যায়নি। একই সঙ্গে আইসিসি থেকে নেওয়া ঋণের শর্ত পূরণ করতেও খরচে রাশ টানতে হচ্ছে। ফলে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজের আগে মাঠের লড়াইয়ের পাশাপাশি আর্থিক সংকটও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটের সামনে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More