সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : দেশের যুবসমাজের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী ১০০টি রবিবার ‘মাদক-মুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে ১০০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপে পরিণত হবে। তিনি তরুণদের দেশের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে উল্লেখ করে মাদকের বিরুদ্ধে জনআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নেশা মুক্ত যুবা, বিকশিত ভারত’ অভিযানের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, আগামী ১০০ সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে। তাঁর বক্তব্য, “আপনারাই ভারতের ‘অমৃত প্রজন্ম’। আগামী ২০ থেকে ২৫ বছরে আপনারাই নিজেদের ভবিষ্যৎ গড়বেন এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। দেশের উন্নয়নের জন্য আপনাদের প্রাণশক্তি, সৃজনশীলতা ও মেধা অপরিহার্য। তাই দেশের স্বার্থে এবং নিজেদের ভবিষ্যতের জন্য মাদকমুক্ত থাকা অত্যন্ত জরুরি।”
তিনি বলেন, “আগামী ১০০টি রবিবার মাদকবিরোধী লড়াইয়ের ১০০টি শক্তিশালী অধ্যায় হয়ে উঠবে। হাজার হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ শিক্ষার্থী ইতিমধ্যেই এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে। সমাজের সম্মিলিত সমর্থন, যোগব্যায়াম, ধ্যান এবং পুনর্বাসন ব্যবস্থার মতো উদ্যোগ মাদকের বিরুদ্ধে আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।”
যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই আন্দোলনের প্রকৃত নেতৃত্ব আপনাদেরই নিতে হবে। ভারতের যুবসমাজ সচেতন, দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ—আমার এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। এই অভিযানে অংশ নেওয়া প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।”
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অধ্যাপকদের প্রতিও বিশেষ আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শুধু পাঠদান নয়, ছাত্রছাত্রীদের সঙ্গে মাদকের ভয়াবহতা নিয়েও নিয়মিত আলোচনা করুন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নেশাবিরোধী সচেতনতা আন্দোলন গড়ে তুলুন। আপনাদের এই উদ্যোগ অসংখ্য তরুণের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে।”
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং সমাজের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে।
No Comment! Be the first one.