সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : দীর্ঘ প্রায় ছয় দশকের নকশাল হিংসার অধ্যায়ের অবসান ঘটিয়ে ভারত এখন সম্পূর্ণ নকশাল-মুক্ত বলে বুধবার সংসদে দাবি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যসভায় এক লিখিত উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, এক সময় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির অন্যতম ছিল নকশাল সমস্যা। তবে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগ এবং নকশাল দমনে ২০১৫ সালের জাতীয় নীতি ও কর্মপরিকল্পনার ধারাবাহিক বাস্তবায়নের ফলে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। বর্তমানে দেশের কোনও জেলাকেই আর নকশাল-কবলিত হিসেবে চিহ্নিত করা হচ্ছে না।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত কয়েক বছরে নকশাল-প্রভাবিত জেলার সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে। ২০১৮ সালের এপ্রিল মাসে যেখানে ১২৬টি জেলা নকশাল-কবলিত হিসেবে তালিকাভুক্ত ছিল, সেখানে ২০২১ সালের জুলাইয়ে সেই সংখ্যা নেমে আসে ৭০-এ। পরে ২০২৪ সালের এপ্রিল মাসে তা কমে হয় ৩৮ এবং ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ মাত্র ৮টি জেলা ওই তালিকায় ছিল। ২০২৬ সালের মার্চ-এপ্রিল নাগাদ সেই সংখ্যাও শূন্যে নেমে এসেছে।
তিনি আরও জানান, বর্তমানে ৩৭টি জেলাকে ‘লেগ্যাসি অ্যান্ড থ্রাস্ট’ জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জেলাগুলিকে আর নকশাল-প্রভাবিত বলা না হলেও, সেখানে স্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কেন্দ্রের সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া একটি জেলাকে ‘ডিস্ট্রিক্ট অফ কনসার্ন’ বা বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযান, উন্নয়নমূলক কর্মসূচির বিস্তার এবং কেন্দ্র-রাজ্যের সমন্বিত পদক্ষেপের ফলেই দেশের বিস্তীর্ণ এলাকায় নকশাল কার্যকলাপ কার্যত নির্মূল করা সম্ভব হয়েছে। সরকারের দাবি, এই সাফল্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে এবং দীর্ঘদিনের একটি বড় নিরাপত্তা-চ্যালেঞ্জের অবসান ঘটিয়েছে।
No Comment! Be the first one.