সকাল সকাল ডেস্ক।
কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় শনিবার অর্থ বিল সংক্রান্ত আলোচনার সময় কালীঘাট তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। তৃণমূল সরকারের মেয়াদের সাফল্য তুলে ধরে তিনি বক্তব্য পেশ করতেই বিজেপি বিধায়কেরা তার তীব্র বিরোধিতা করেন, যার ফলে সভায় বেশ কিছুক্ষণ ধরে হইচই ও স্লোগান চলতে থাকে।
অর্থ বিলের ওপর আলোচনাকালে শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করেন, তৃণমূল সরকারের আমলে কলকাতাই দেশের সবচেয়ে নিরাপদ শহরে পরিণত হয়েছে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) রিপোর্টের উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের বড় শহরগুলির মধ্যে কলকাতাকে শীর্ষ নিরাপদ শহরের মর্যাদা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দেশের সেরা তিনটি থানার মধ্যে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর থানা স্থান করে নিয়েছে। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম এবং মৎস্য চাষে দ্বিতীয় স্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সমস্ত অর্জন তৃণমূল সরকারের আমলেই সম্ভব হয়েছে।
তাঁদের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিজেপি বিধায়কেরা। তাঁদের অভিযোগ, বিগত সরকারের আমলের নানা দুর্নীতির বিষয়গুলিকে আড়াল করে কেবল সাফল্যের প্রচার চালানো হচ্ছে। বিজেপি বিধায়কেরা জানান, বর্তমান সরকার সেই সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে, যেগুলিকে তৃণমূল জমানায় মদত দেওয়া হয়েছিল। এই নিয়ে বিরোধী বিধায়কেরা স্লোগান দিতে শুরু করলে বিধানসভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
শোরগোলের মধ্যেই শোভনদেব বাবু তাঁর বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে হস্তক্ষেপ করে সভার শৃঙ্খলা ফিরিয়ে আনার অনুরোধ জানান। জবাবে অধ্যক্ষ তাঁকে স্মরণ করিয়ে দেন যে, শনিবারের অধিবেশন মূলত অর্থ বিলের ওপর আলোচনার জন্য নির্দিষ্ট করা হয়েছে এবং তাঁকে সেই বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকার নির্দেশ দেন। তা সত্ত্বেও বেশ কিছুক্ষণ শাসক দল ও বিজেপি বিধায়কদের মধ্যে তীক্ষ্ণ বাকবিতণ্ডা ও হট্টগোল অব্যাহত থাকে।
No Comment! Be the first one.