হরমুজ ঘিরে উত্তেজনার আবহে ইজরায়েলকে ‘মহান মিত্র’ আখ্যা ট্রাম্পের

সকাল সকাল ডেস্ক

তেহরান/ওয়াশিংটন/বেরুট: হরমুজ প্রণালী ঘিরে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরমে, সেই আবহেই ইজরায়েলের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ এপ্রিল রাত থেকে ১৯ এপ্রিল সকাল পর্যন্ত একাধিক ঘটনায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

শনিবার রাতেই ইরান স্পষ্ট জানিয়ে দেয়, মার্কিন সেনা তাদের বন্দর থেকে সরে না গেলে হরমুজ প্রণালী খোলা হবে না। তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে ইরানের উপ-বিদেশমন্ত্রী সইদ খতিবজাদেহ বলেন, নতুন দফার আলোচনার দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি এবং হরমুজ খুলতে হলে আগে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে।

এর জবাবে গভীর রাতে ট্রাম্প জানান, কোনও সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের বন্দর ঘিরে অবরোধ জারি থাকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনও চাপের কাছে নতিস্বীকার করবে না।

রবিবার সকালে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, আলোচনা কিছুটা এগোলেও চূড়ান্ত সমাধান এখনও অনেক দূরে। একই সঙ্গে ইরানের সেনা দাবি করে, তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে এবং অবরোধ চললে এই জলপথে চলাচল বন্ধ রাখা হবে।

এদিকে, সামরিক উত্তেজনাও বাড়তে থাকে। রবিবার সকালে জানা যায়, হরমুজ প্রণালী এলাকায় একটি ট্যাঙ্কারের দিকে ইরানের গনবোট থেকে গুলি চালানো হয়েছে। ভারতও নিশ্চিত করেছে, সাম্প্রতিক হামলায় তাদের দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই আবহেই নিজের ‘ট্রুথ সোশ্যাল’ হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্প ইজরায়েলকে আমেরিকার “মহান মিত্র” বলে উল্লেখ করেন। তিনি লেখেন, “মানুষ ইজরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা আমেরিকার এক মহান মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।”

ট্রাম্প আরও বলেন, “তারা সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান। সংকটের মুহূর্তে অন্যরা নিজেদের আসল রূপ দেখালেও, ইজরায়েল কঠোরভাবে লড়াই করে এবং কীভাবে জিততে হয় তা জানে।”

অন্যদিকে, লেবাননেও সংঘর্ষ পরিস্থিতি অব্যাহত রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এক হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করলেও সংগঠনটি অভিযোগ অস্বীকার করেছে।

সব মিলিয়ে, হরমুজ প্রণালীকে ঘিরে সৃষ্ট এই উত্তেজনা পশ্চিম এশিয়ায় বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More