সকাল সকাল ডেস্ক
শেফালী মাহাতো, পুরুলিয়া:
আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। শনিবার প্রচারের পারদ কয়েক গুণ বাড়িয়ে দিলেন ঘাটালের সাংসদ তথা টলিউড সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেব। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় ব্যানার্জির সমর্থনে এক বর্ণাঢ্য রোড শো-তে অংশ নিলেন তিনি।
এদিন রোড শো-টি শুরু হয় পুরুলিয়ার অন্যতম ব্যস্ত এলাকা বড় হাটের মোড় থেকে। হুডখোলা গাড়িতে সুজয় ব্যানার্জিকে পাশে নিয়ে যখন দেব যাত্রা শুরু করেন, তখন রাস্তার দু’ধারে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মিছিলটি শহর পরিক্রমা করে গৌসালা মোড়েগিয়ে শেষ হয়।
প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে এবং সেলফি তোলার আবদারে রাস্তার দু’পাশে ছিল উপচে পড়া ভিড়। ভিড় সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।
সুজয় ব্যানার্জির সমর্থনে এবং দেবের নামে কর্মী-সমর্থকদের গগণবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
সুজয় ব্যানার্জি জানান, দেবের এই উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে এবং আগামী নির্বাচনে এই জনসমর্থনই ব্যালট বক্সে প্রতিফলন ঘটাবে।
পুরুলিয়ার রাজপথে এদিন শুধুই ছিল মানুষের ভিড় আর ঘাসফুল শিবিরের দাপট। দেবের এই হাই-ভোল্টেজ প্রচার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাতকে আরও শক্ত করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
No Comment! Be the first one.