সকাল সকাল ডেস্ক
বার্সিলোনা : কাম্প নউয়ে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জিতেছে দিয়েগো সিমেওনের দল আতলেতিকো মাদ্রিদ বার্সিলোনার বিরুদ্ধে। দুই অর্ধের দুই গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ। ইউরোপ সেরার মঞ্চে ঘরের মাঠে পারল না হান্সি ফ্লিকের দল। কাম্প নউয়ে তাদের ১৪ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়ল।
প্রথমার্ধের ৪৩ মিনিটে হুলিয়ান আলভারেসের চমৎকার ফ্রি-কিকে এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আলেকসান্দার সরলথ বদলি হিসেবে নেমে। আতলেতিকো জিতলেও ম্যাচে একচেটিয়া দাপট ছিল বার্সিলোনার। ৫৮ শতাংশ বল পজেশনে রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে তারা। আতলেতিকোর পাঁচ শটের তিনটি ছিল লক্ষ্যে।
তাছাড়া ম্যাচের ৪৩ মিনিটের পর থেকে বার্সিলোনাকে ১জন কম খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছে। কারণ তাদের ডিফেন্ডার পাউ কুবার্সিকে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয়।
আগামী মঙ্গলবার মেত্রোপলিতানোয় হবে ফিরতি লেগ। আতলেতিকোর মাঠে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে বার্সিলোনার জন্য পরের ধাপে যাওয়াটা খুবই কঠিন হয়ে গেল।
No Comment! Be the first one.