সকাল সকাল ডেস্ক:
নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার সংকটের জেরে এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দামে বড় বৃদ্ধি হয়েছে, যার প্রভাব এবার পড়তে চলেছে বিমানযাত্রীদের পকেটে। দেশের প্রধান বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বাড়তি খরচের চাপ সামাল দিতে ফুয়েল সারচার্জে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। নতুন ভাড়া ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।
এয়ার ইন্ডিয়া গ্রুপ মঙ্গলবার ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ানগুলিতে সংশোধিত জ্বালানি সারচার্জ বৃদ্ধির ঘোষণা করেছে। এর ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ানের টিকিটের দাম বাড়া প্রায় নিশ্চিত। আগামী দিনে ডোমেস্টিক ফ্লাইটে ভাড়া ২৯৯ টাকা থেকে ৮৯৯ টাকা পর্যন্ত বাড়বে। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে টিকিটের দাম ২,২০০ টাকা থেকে ২৬,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
বিমান সংস্থাটি জানিয়েছে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নির্ধারিত ২৫ শতাংশ পর্যন্ত এটিএফ মূল্যবৃদ্ধির সীমা মাথায় রেখেই এয়ার ইন্ডিয়া এই ভারসাম্যপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। এর আওতায় ঘরোয়া উড়ানে একরকম সারচার্জ তুলে দিয়ে দূরত্বভিত্তিক নতুন গ্রিড ব্যবস্থা চালু করা হচ্ছে, যা ৮ এপ্রিল থেকে কার্যকর হবে। এই ব্যবস্থার আওতায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানগুলিও থাকবে।
এয়ার ইন্ডিয়ার মতে, জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় উড়ানের খরচ অনেক বেড়ে গেছে। বর্তমানে বিমান জ্বালানির গড় মূল্য প্রতি ব্যারেল ১৯৫.১৯ ডলারে পৌঁছেছে, যা ফেব্রুয়ারির শেষে ছিল ৯৯.৪০ ডলার। এর আগে ইন্ডিগোও ফুয়েল সারচার্জ বাড়িয়েছিল।
উল্লেখ্য, ফুয়েল সারচার্জ হল টিকিটের সঙ্গে যুক্ত একটি অতিরিক্ত ফি, যা জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নেওয়া হয়। এই চার্জ বিমান সংস্থাগুলিকে বাড়তি জ্বালানি খরচ সামাল দিতে সাহায্য করে।
No Comment! Be the first one.