মণিপুরের লিতান এলাকায় তৃতীয় দিনও অব্যাহত হিংসা, গোলাগুলি ও বাড়িঘরে অগ্নি সংযোগ

সকাল সকাল ডেস্ক,

উখরুল (মণিপুর) : আজ তৃতীয় দিনও রাজ্যের উখরুল জেলার অন্তর্গত লিতান এলাকায় অব্যাহত হিংসা, পরিস্থিতি উত্তপ্ত। স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে সরকার ও নিরাপত্তা বাহিনীর টানা প্রচেষ্টার মধ্যেও নতুন করে গুলিবর্ষণ এবং অগ্নি সংযোগের ঘটনা সংগঠিত হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

পুলিশের এক আধিকারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে এলাকায় গুলিবর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা সংগঠিত হয়েছে। পরিস্থিতির অবনতি রোধে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

গতকাল সোমবার উপমুখ্যমন্ত্রী লোসি দিখোর নেতৃত্বে বিধায়কদের একটি দল হিংসাজর্জর লিতান এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করেছে। দলটি উভয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। উপমুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

বিজেপি বিধায়ক গোবিন্দাস কোন্থৌজম এবং খ ইবোমচা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁরা আরও বলেন, অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সহিংসতা বন্ধ করতে বিবদমান উভয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে মদ্যপ অবস্থায় তাংখুল নাগা ও কুকি সম্প্রদায়ের দুই ব্যক্তির মধ্যে মারপিট হয়। মারপিটের জেরে রবিবার রাতে সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ, তাংখুল নাগা সম্প্রদায়ের ওই ব্যক্তিকে কুকি সম্প্রদায়ের কয়েকজন মারধর করে, যার ফলে অগ্নিসংযোগ ও পরবর্তী অশান্তি শুরু হয়।

Read More News

Read More