সকাল সকাল ডেস্ক।
বার্সিলোনা: মরসুমের প্রথম দুই ম্যাচে সহজ জয়ের পর হোঁচট খেল বার্সিলোনা। তৃতীয় ম্যাচে রায়ো ভ্যালেকানোর সঙ্গে ড্র করে তারা পয়েন্ট হারাল। রবিবার দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করে কাতালান ক্লাবটি।
লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল দল রায়ো ভ্যালেকানোর কাছে পয়েন্ট হারানোটা অবশ্যই বিস্ময়কর। অথচ ৫৬ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নেয় বার্সিলোনা, যার মাত্র তিনটি ছিল লক্ষ্যে। অন্য দিকে দ্বিতীয়ার্ধে সফরকারীদের প্রবল চাপে রাখা ভ্যালেকানো গোলের জন্য ১৩ শট নিয়ে সাতটি রাখে লক্ষ্যে।
প্রথম হাফের ৪০ মিনিটে সফল স্পট কিকে বার্সিলোনাকে এগিয়ে দেন লামিন ইয়ামাল। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করার দারুন সুযোগ পেয়েছিলেন ওলমো। পেনাল্টি স্পটের কাছ থেকে এই মিডফিল্ডার শট লক্ষ্যে রাখতে পারেননি।
দ্বিতীয়ার্ধে বার্সিলোনাকে বেশ চাপে রেখে গোলও পায় ভ্যালেকানো। তারা সমতায় ফেরে ৬৭তম মিনিটে। ইসি পালাসনের কর্নার থেকে বল পেয়ে দুরন্ত শটে পেরেস বল জড়ান জালে।
ম্যাচের বাকি সময় এগিয়ে যাওয়ার আরও একটি সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে গোল করতে ব্যর্থ হন তিনি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে এখন বার্সিলোনা।
No Comment! Be the first one.