কলকাতায় বিরল মশার হদিশ, বাড়ছে জিকা-ডেঙ্গির আশঙ্কা

ডেঙ্গি ছাড়াও ছড়াতে পারে জিকা, চিকনগুনিয়া ও পীতজ্বর; সতর্ক প্রশাসন

সকাল সকাল ডেস্ক।

কলকাতা, ৩ জুলাই:
দক্ষিণ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা মিলত এতদিন, এবার সেই বিরল ও বিপজ্জনক মশা ধরা পড়ল খাস কলকাতায়। কলকাতা পুরসভার পতঙ্গবিদরা ১৪ নম্বর ওয়ার্ডের নিয়োগী রোডের একটি বাড়ির ফুলের টব থেকে উদ্ধার করেছেন এডিস ভিকটেটাস (Aedes vittatus) প্রজাতির মশার লার্ভা। যা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে প্রশাসন এবং বিশেষজ্ঞ মহলে।

প্রায় ১০ দিন আগে সন্দেহভাজন লার্ভা নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগের ল্যাবরেটরিতে। পরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যায়, এটি সাধারণ দেশি মশা নয়, বরং ডেঙ্গি ছড়াতে সক্ষম এক অত্যন্ত ভয়াবহ প্রজাতি। পুরসভার এক পতঙ্গবিদ জানান, এই মশা শুধু ডেঙ্গিই নয়, জিকা, চিকনগুনিয়া ও ইয়েলো ফিভারের মতো মারাত্মক ভাইরাসও ছড়াতে পারে মানুষের শরীরে।

যদিও রাজ্যে এখনও পর্যন্ত জিকা বা ইয়েলো ফিভারের কোনও প্রকোপ নেই, তবে এই মশার অস্তিত্ব উদ্বেগজনক বলেই মত বিশেষজ্ঞদের। উল্লেখযোগ্যভাবে, টানা দ্বিতীয় বছর এই মশার হদিশ মিলল কলকাতায়। গত বছরও দক্ষিণ কলকাতার কিছু অঞ্চলে এই প্রজাতির সন্ধান মেলে।

পুরসভা সূত্রে জানা গেছে, সম্প্রতি শহরের বিভিন্ন ওয়ার্ডে মশার প্রজাতি শনাক্তে বিশেষ অভিযান শুরু হয়েছে। সেই গবেষণার ফলেই এই নতুন হুমকির চিহ্ন মিলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরসভা একাধিক পদক্ষেপ নিয়েছে। শহরের বিভিন্ন খালে নৌকা নামিয়ে শুরু হয়েছে লার্ভা ধ্বংসের কাজ। পাশাপাশি জমা জলের উৎস খুঁজে নিষ্কাশনের ওপর জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি বাড়িতে গিয়ে নজর রাখতে যেন কোথাও জল না জমে।

পুরসভার এক পদস্থ কর্তা বলেন, “এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে ঝুঁকি এড়াতে নাগরিকদের আরও বেশি সতর্ক হতে হবে।”

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More