মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেকার-ডাম্পার সংঘর্ষে মৃত ৫, জখম ১০

সকাল সকাল ডেস্ক।

কান্দি: রবিবার সকালে মুর্শিদাবাদের কান্দি-বহরমপুর রাজ্য সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথদুর্ঘটনা। গোকর্ণ পাওয়ার হাউস মোড়ে যাত্রীবোঝাই একটি ট্রেকার ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচ জনের, আহত অন্তত ১০। গুরুতর জখম অবস্থায় তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে খবর, সকাল ১১টা নাগাদ বীরভূমের বেলে এলাকা থেকে একটি ট্রেকার ২০ জন যাত্রী নিয়ে মুর্শিদাবাদে ফিরছিল। প্রত্যেকেই একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। গোকর্ণ মোড়ের কাছে হঠাৎই একটি দ্রুতগামী ডাম্পার সজোরে ধাক্কা মারে ট্রেকারটিকে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ট্রেকারটি রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক-সহ পাঁচ জন, যাঁদের মধ্যে তিন জন মহিলা।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও অ্যাম্বুল্যান্স পৌঁছে আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও গুরুতর জখমদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, ট্রেকারটি ধীরগতিতে চলছিল, কিন্তু ডাম্পারটি আচমকাই এসে ধাক্কা মারে। এই ঘটনায় সাময়িকভাবে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়, তৈরি হয় যানজট। পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে ফের স্বাভাবিক করে চলাচল।

মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে কয়েকজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের হাসপাতালে ডাকা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে—ডাম্পার চালকের অসাবধানতা, নিয়ন্ত্রণ হারানো না কি অন্য কোনো কারণ ছিল, সব দিক খতিয়ে দেখা হবে। ডাম্পার চালক ও মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই মর্মান্তিক ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে গ্রামীণ রাস্তায় অতিরিক্ত যাত্রীবোঝাই যান ও বেপরোয়া ডাম্পার চলাচল নিয়ে। স্থানীয়দের অভিযোগ, বহু দিন ধরেই ওই মোড়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। তাঁরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More