সকাল সকাল ডেস্ক
জেরুজালেম: দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলায় কিছুটা স্বস্তির ইঙ্গিত পেলেন ইজরায়েলের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার জেরুজালেমের জেলা আদালতে মামলার শুনানির সময় তাঁর বিরুদ্ধে ওঠা ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণ করা কঠিন হবে বলে মন্তব্য করেন বিচারকরা। পাশাপাশি সরকারি কৌঁসুলিদের সমঝোতার পথে হাঁটার পরামর্শও দেওয়া হয়েছে। আদালতের এই মন্তব্যের পরই অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতানিয়াহু।
‘দ্য টাইমস অব ইজরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ইজরায়েলের সংসদ নেসেট থেকে টেলিভিশনে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা হয়েছে। এর ফলে তাঁর পরিবার, ঘনিষ্ঠ সহযোগী এবং দেশের মূল্যবান দশটি বছর নষ্ট হয়েছে।
নেতানিয়াহু বলেন, ‘‘দশ বছর আগেই বলেছিলাম, এই মামলা থেকে কিছুই বের হবে না। কারণ কোনও অপরাধই ঘটেনি। সেই সত্য সামনে আসতে দশ বছর সময় লেগে গেল।’’ তাঁর দাবি, আদালতের সাম্প্রতিক মন্তব্যের পর এই মামলা চালিয়ে যাওয়ার কোনও যৌক্তিকতা নেই।
উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। বরাবরই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি। বিচারপ্রক্রিয়া শুরুর ছয় বছরেরও বেশি সময় পর বিচারকদের এই মন্তব্য সরকারি কৌঁসুলিদের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। তবে এখনও কোনও মামলাতেই চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি।
এদিনের বক্তব্যে ব্যক্তিগত জীবনে দুর্নীতি মামলার প্রভাব নিয়েও সরব হন নেতানিয়াহু। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর পরিবারকে মানসিক নির্যাতন ও চরিত্রহননের মুখে পড়তে হয়েছে। রাজনৈতিক সহযোগীদের চাপ দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘‘আমার, আমার স্ত্রী ও সন্তানদের কাছে গত দশটি বছর ছিল ভয়াবহ যন্ত্রণার। আমাদের জীবনের সেই দশটি বছর কে ফিরিয়ে দেবে?’’ দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পরও তাঁকে ‘এক নম্বর অভিযুক্ত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, ইজরায়েলের পরবর্তী সরকার গঠন নিয়েও বিরোধীদের উদ্দেশে বার্তা দিয়েছেন নেতানিয়াহু। দেশের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ফৌজদারি মামলায় অভিযুক্ত সাংসদদের সরকার গঠনে বাধা দেওয়ার প্রস্তাবিত আইন নিয়েও বিরোধীদের তীব্র সমালোচনা করেন।
আদালতের সাম্প্রতিক মন্তব্য নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিচারপ্রক্রিয়া এখনও শেষ হয়নি। শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে মামলার নিষ্পত্তি হবে, নাকি আদালতেই চূড়ান্ত ফয়সালা হবে, আপাতত সেদিকেই নজর ইজরায়েলের রাজনৈতিক মহলের।
No Comment! Be the first one.