সকাল সকাল ডেস্ক
হেলসিঙ্কি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তাপ এবার বাল্টিক সাগরেও। শনিবার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত একটি পণ্যবাহী জাহাজ। হামলার পর ‘স্পার্তা-২’ নামের জাহাজটিতে আগুন ধরে যায়। পরে সেটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। এই ঘটনায় ন্যাটোভুক্ত দেশগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফিনল্যান্ডের প্রতিরক্ষা কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, হামলার নেপথ্যে ইউক্রেন থাকতে পারে। যদিও এ বিষয়ে নিশ্চিত প্রমাণ প্রকাশ করা হয়নি।
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলজা ইলজিন জানিয়েছেন, জাহাজটির ১৬ জন নাবিক লাইফবোটে করে কাছাকাছি থাকা অন্য একটি রুশ জাহাজে আশ্রয় নেন। পরে তাঁরা রাশিয়ার উদ্দেশে রওনা হন। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। শনিবার গভীর রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধার অভিযান শুরু করে ফিনল্যান্ড।
ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন জানান, হামলার পিছনে ইউক্রেনের ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে। তবে কেন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, উদ্ধার অভিযানের সময় একটি রুশ হেলিকপ্টার সাময়িকভাবে ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ প্রকাশ করেছেন উপসাগরীয় উপকূলরক্ষী বাহিনীর কমান্ডার মিক্কো সিমোলা।
ন্যাটো অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ঘটনার পর পূর্ব ফিনল্যান্ড উপসাগরে সাময়িকভাবে বিমান ও নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে হেলসিঙ্কি। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, যুদ্ধের প্রভাব তাঁদের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে তিনি ইউক্রেনের আত্মরক্ষার অধিকারের কথাও উল্লেখ করেছেন।
সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন জানিয়েছেন, ফিনল্যান্ড ও ন্যাটোর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ফিনল্যান্ডের নেতৃত্বে সুইডিশ যুদ্ধবিমান মোতায়েন করা হয়। এস্তোনিয়াও উদ্ধার ও সম্ভাব্য দূষণ মোকাবিলায় একটি নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ফিনল্যান্ড ২০২৩ সালে এবং সুইডেন ২০২৪ সালে ন্যাটোতে যোগ দেয়। ফলে বাল্টিক অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জাহাজটি নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ সংস্থা ওবোরনলোগিস্টিকার সঙ্গে যুক্ত। সংস্থাটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রককে পরিবহণ ও সরবরাহ পরিষেবা দিয়ে থাকে। তবে জাহাজটিতে সামরিক সরঞ্জাম ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।
ঘটনা নিয়ে ইউক্রেনের বিদেশ মন্ত্রক কিংবা হেলসিঙ্কিতে রুশ দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ না হওয়ায় বাল্টিক সাগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে।
No Comment! Be the first one.