সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন। নাসার স্পেসএক্স ক্রু-১৩ মিশন বৃহস্পতিবার রেকর্ড সময়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে। উৎক্ষেপণের মাত্র ৭ ঘণ্টা ৫৫ মিনিট পর স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান সফলভাবে আইএসএসের হারমনি মডিউলের ফরওয়ার্ড পোর্টে ডক করে। নাসার দাবি, আইএসএসের ইতিহাসে কোনও মার্কিন মহাকাশযানের এটিই সবচেয়ে দ্রুত উৎক্ষেপণ থেকে ডকিংয়ের সময়।
তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ক্রু-১৩ মিশন নিয়ে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের স্পেস লঞ্চ কমপ্লেক্স-৪০ থেকে উৎক্ষেপণ করা হয়। ড্রাগন মহাকাশযানে ছিলেন নাসার মহাকাশচারী জেসিকা ওয়াটকিন্স ও লিউক ডেলানি, কানাডিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী জোশুয়া কুট্রিক এবং রাশিয়ার রসকসমসের মহাকাশচারী সের্গেই টেটেরিয়াটনিকভ।
উৎক্ষেপণের পর ফ্যালকন-৯-এর প্রথম ধাপটি দ্বিতীয় ধাপ থেকে বিচ্ছিন্ন হয়ে সফলভাবে কেপ ক্যানাভেরালে স্পেসএক্সের ল্যান্ডিং জোন-৪০-এ ফিরে আসে। এরপর ড্রাগন মহাকাশযানটি দ্বিতীয় ধাপ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে এবং আইএসএসের দিকে এগিয়ে যায়।
সন্ধ্যা ৭টা ০৫ মিনিটে ড্রাগন আইএসএসের হারমনি মডিউলের ফরওয়ার্ড পোর্টে সফলভাবে ডক করে। নাসা জানিয়েছে, উৎক্ষেপণ থেকে ডকিং পর্যন্ত মোট ৭ ঘণ্টা ৫৫ মিনিট সময় লেগেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছনোর ক্ষেত্রে কোনও মার্কিন মহাকাশযানের এটিই এখনও পর্যন্ত দ্রুততম যাত্রা।
ডকিংয়ের পর মহাকাশচারীরা প্রয়োজনীয় লিক পরীক্ষা এবং চাপ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর রাত ৯টা ১৯ মিনিটে ড্রাগনের হ্যাচ খোলা হয় এবং চার মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করেন।
ক্রু-১৩-এর সদস্যরা এবার আইএসএসে থাকা এক্সপিডিশন-৭৫ দলের সঙ্গে যোগ দিয়েছেন। এই দলে রয়েছেন নাসার জেসিকা মেয়ার, জ্যাক হ্যাথাওয়ে ও অনিল মেনন, ইউরোপীয় মহাকাশ সংস্থার সোফি অ্যাডেনট এবং রসকসমসের পিওতর দুব্রভ, আন্না কিকিনা ও আন্দ্রেই ফেদিয়ায়েভ।
নাসার তথ্য অনুযায়ী, ক্রু-১৩ মিশনে মহাকাশচারীরা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা চালাবেন। পাশাপাশি মানবস্বাস্থ্য, উদ্ভিদের বৃদ্ধি এবং বিভিন্ন প্রযুক্তি সংক্রান্ত একাধিক পরীক্ষা-নিরীক্ষাও করা হবে।
No Comment! Be the first one.