চিনের প্রভাব মোকাবিলায় ভারতই আমেরিকার বড় ভরসা, স্মৃতিকথায় মোদির উদ্যোগের প্রশংসা বাইডেনের

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন: বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে চিনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারতকে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী হিসেবে দেখছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’-তে ভারত-আমেরিকা সম্পর্কের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে গৃহীত ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (আইএমইসি) প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাইডেন তাঁর স্মৃতিকথায় উল্লেখ করেছেন, প্রেসিডেন্ট থাকাকালীন ভারত ও আমেরিকার সম্পর্ক আরও শক্তিশালী হওয়া তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য। দীর্ঘ কয়েক দশক ধরে দুই দেশের সম্পর্কের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন তিনি। এমনকি সেনেটর থাকাকালীন ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তির ক্ষেত্রেও নিজের ভূমিকার কথা স্মরণ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেনের মতে, এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত চিনের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব মোকাবিলায় ভারতের সহযোগিতা অত্যন্ত জরুরি। পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক বজায় থাকলেও নয়াদিল্লির সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়ে তোলার বিশেষ গুরুত্ব রয়েছে। আমেরিকার অর্থনীতি ও সমাজে ভারতীয় অভিবাসীদের অবদানের কথাও উল্লেখ করেছেন তিনি।

চিনের মোকাবিলায় বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলার পক্ষেও মত দিয়েছেন বাইডেন। তাঁর পরিকল্পনায় আমেরিকা, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও নিউজিল্যান্ডের মতো দেশগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত সহযোগিতা এবং প্রতিরক্ষা সমন্বয়ের মাধ্যমে চিনের প্রভাবের ভারসাম্য রক্ষা সম্ভব বলে মনে করেন তিনি।

তবে বাইডেনের মূল্যায়নে বিশেষ গুরুত্ব পেয়েছে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর। ২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে এই প্রকল্পের ঘোষণা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, ভারত থেকে সমুদ্রপথে পণ্য পৌঁছবে আরব উপদ্বীপে। সেখান থেকে রেলপথে মধ্যপ্রাচ্য হয়ে ইজরায়েলের হাইফা বন্দরে এবং পরে সমুদ্রপথে ইউরোপে পণ্য পরিবহণের ব্যবস্থা গড়ে তোলা হবে।

বাইডেনের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে চিনের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সুবিধা পাবে ভারত ও তার সহযোগী দেশগুলি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক হতে পারে।

যদিও পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াড জোটের গুরুত্বও তুলে ধরেছেন বাইডেন।

সব মিলিয়ে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এই মূল্যায়নে আন্তর্জাতিক বাণিজ্য, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এবং বিশ্ব কূটনীতিতে ভারতের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বই প্রতিফলিত হয়েছে।

Read More News

লুগুবুরু ঘণ্টাবাড়ি ধরমগড় রাজ্য উৎসবের বর্ণাঢ্য সূচনা, মাদলের তালে মুখরিত পাহাড়ি জনপদ

সকাল সকাল ডেস্ক লুগুবাবার পবিত্র ভূমিকে ‘ধ্যানস্থল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের বোকারো...

ঝাড়খণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ বন্দির মুক্তিতে সম্মতি, পুনর্বাসনে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক রাঁচি: ঝাড়খণ্ডের বিভিন্ন কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ জন বন্দির মুক্তিতে...

Read More