সকাল সকাল ডেস্ক
বেজিং: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে আমেরিকাকে টেক্কা দিতে গোপন অভিযানে নেমেছে চিনের গোয়েন্দা সংস্থা। মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে অত্যাধুনিক এআই চিপ সংগ্রহ এবং আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর শিল্পের গোপন তথ্য হাতানোর লক্ষ্যে অন্তত দু’বছর ধরে এই অভিযান চলছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
২১ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক (এমএসএস) একটি বিশেষ দল গঠন করেছে। এশিয়া, আমেরিকা ও ইউরোপের একাধিক বর্তমান ও প্রাক্তন নিরাপত্তা আধিকারিকের বক্তব্যের ভিত্তিতে দাবি করা হয়েছে, এই দল সরাসরি চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রকের প্রধান চেন ইশিনের তত্ত্বাবধানে কাজ করছে। তাদের প্রধান লক্ষ্য মার্কিন প্রযুক্তিগত নিষেধাজ্ঞা এড়িয়ে উন্নত প্রসেসর সংগ্রহ এবং সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক অর্থনীতি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব দ্রুত বাড়ছে। উন্নত এআই ব্যবস্থা পরিচালনার জন্য বিপুল কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন। সেই কারণে এনভিডিয়ার মতো মার্কিন সংস্থার অত্যাধুনিক চিপ সংগ্রহে আগ্রহী বেজিং। ২০২২ সালের শেষ থেকে চিনে উন্নত প্রযুক্তির একাধিক চিপ রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা।
অভিযোগ, এই নিষেধাজ্ঞা এড়াতে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থা এবং বিদেশি ডেটা সেন্টারের সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের চিপ প্রস্তুতকারী সংস্থা ও সরবরাহ ব্যবস্থার উপর নজরদারিও চালানো হচ্ছে।
এদিকে, চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংকে ঘিরে মার্কিন তদন্তেও উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। অভিযোগ, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের উপর নজরদারি চালাতে চিনা গোয়েন্দাদের সহায়তা করেছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত সিঙ্গাপুরভিত্তিক সংস্থা মেগাস্পিড বিদেশে এনভিডিয়া চিপ ব্যবহার করে কম্পিউটিং পরিষেবা দিত। এর মাধ্যমে চিনা সংস্থাগুলি সরাসরি চিপ আমদানি না করেও উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেয়েছিল বলে অভিযোগ।
কর্পোরেট নথির ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, হুয়াং পরিবারের সঙ্গে যুক্ত সংস্থাগুলি চিন সরকারের কাছ থেকে প্রায় ৩৬০ কোটি ডলার অর্থায়ন পেয়েছিল। তবে ওই প্রযুক্তি প্রকল্পগুলির সঙ্গে চিনা সামরিক বাহিনীর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসন বিদেশি ডেটা সেন্টারের মাধ্যমে চিন, রাশিয়া ও ইরানের সংস্থাগুলিকে উন্নত কম্পিউটিং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে। যদিও চিন গুপ্তচরবৃত্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে, এআই প্রযুক্তির আধিপত্য নিয়ে আমেরিকা ও চিনের প্রতিযোগিতা এখন বাণিজ্যিক ক্ষেত্র ছাড়িয়ে জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতার ক্ষেত্রেও নতুন উত্তেজনা তৈরি করছে।
No Comment! Be the first one.