সকাল সকাল ডেস্ক
কেপ টাউন, ১৪ সেপ্টেম্বর। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী একটি মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি এবং একটি এসইউভির মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশন (আরটিএমসি) জানিয়েছে, রবিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২১ জন প্রাণঘাতী আঘাত পান। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, রাত প্রায় সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এরপর মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়।
পুলিশ দুর্ঘটনার ঘটনায় অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনায় আহত আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেপ টাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে দুর্ঘটনাটি ঘটেছে। দক্ষিণ আফ্রিকায় উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়। অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ যানবাহন এবং সিট বেল্ট ব্যবহার না করাকে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়।
আরটিএমসির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৪৮৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা পাঁচ শতাংশেরও কম হ্রাস পেয়েছিল। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন পথচারীরা।
No Comment! Be the first one.