ঘণ্টার পর ঘণ্টা প্রস্রাব চেপে রাখছেন? শরীরে হতে পারে একাধিক সমস্যা

সকাল সকাল ডেস্ক

বাড়ির বাইরে বের হলে পরিচ্ছন্ন শৌচাগার না পাওয়া কিংবা কাজের ব্যস্ততার কারণে অনেকেই দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখেন। মাঝেমধ্যে এমন পরিস্থিতি তৈরি হলেও নিয়মিত দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখার অভ্যাস মূত্রাশয়ের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। ফলে অস্বস্তি থেকে শুরু করে প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে।

কিডনি ক্রমাগত প্রস্রাব তৈরি করে এবং তা মূত্রাশয়ে জমা হয়। মূত্রাশয় নির্দিষ্ট মাত্রায় পূর্ণ হলে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রস্রাব করার প্রয়োজনীয়তার সংকেত পৌঁছয়। সেই সংকেত উপেক্ষা করে দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয় প্রসারিত হয় এবং তলপেটে চাপ ও অস্বস্তি তৈরি হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে ব্যথাও অনুভূত হতে পারে।

তবে প্রস্রাব চেপে রাখলেই যে সরাসরি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হবে, বিষয়টি তেমন নয়। কিন্তু নিয়মিত এমন অভ্যাস কিছু মানুষের ক্ষেত্রে মূত্রত্যাগের স্বাভাবিক প্রক্রিয়ায় সমস্যা তৈরি করতে পারে। প্রস্রাবের সময় জ্বালা, ঘনঘন প্রস্রাবের বেগ, দুর্গন্ধযুক্ত প্রস্রাব কিংবা জ্বর দেখা দিলে সংক্রমণ-সহ অন্য কোনও সমস্যার সম্ভাবনা থাকতে পারে। এমন উপসর্গ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

দীর্ঘদিন ধরে বারবার অতিরিক্ত প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয়ের পেশির স্বাভাবিক কার্যক্ষমতার উপরও প্রভাব পড়তে পারে। বিশেষ করে আগে থেকেই মূত্রাশয় বা মূত্রনালির সমস্যা থাকলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।

রাতে ঘুমের সময় শরীরে প্রস্রাব তৈরির হার সাধারণত দিনের তুলনায় কমে যায়। তাই নির্দিষ্ট সময় অন্তর ঘুম থেকে উঠে শৌচাগারে যাওয়ার প্রয়োজন নেই। তবে ঘুম ভেঙে প্রস্রাবের প্রবল বেগ অনুভূত হলে তা দীর্ঘক্ষণ চেপে না রাখাই ভাল।

শুধু শৌচাগারে যেতে হবে বলে জল খাওয়া কমিয়ে দেওয়াও ঠিক নয়। শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত জল পান করা জরুরি। বাইরে শৌচাগার ব্যবহারে অস্বস্তি হলে পরিচ্ছন্নতার প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখা যেতে পারে। কিন্তু নিয়মিত প্রস্রাবের বেগ উপেক্ষা করার অভ্যাস এড়িয়ে চলাই ভাল।

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More