সকাল সকাল ডেস্ক
লক্ষ্য ছিল ১৬০ রান। উদ্বোধনী জুটিতেই উঠল ৮৮। সঞ্জু স্যামসনের ২২ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে মাত্র ১৪.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে এই ইনিংসের পর জাতীয় দলের ওপেনিং কম্বিনেশন নিয়ে চলতে থাকা আলোচনার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন কেরলের এই ব্যাটার।
১৫ বছরের বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে জায়গা পাওয়া নিয়ে সঞ্জুর প্রতিযোগিতা রয়েছে কি না, ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্ন ওঠে। সঞ্জু অবশ্য স্পষ্ট জানিয়েছেন, দলের মধ্যে এমন কোনও প্রতিযোগিতার মানসিকতা নেই। তাঁর মতে, এই আলোচনা মূলত দলের বাইরের।
সঞ্জু বলেন, বাইরের মানুষের চোখে সতীর্থরা তাঁর প্রতিযোগী হতে পারেন। কিন্তু ভারতীয় দলের ক্রিকেটারদের কাছে সবার আগে দেশের হয়ে ম্যাচ জেতাটাই গুরুত্বপূর্ণ। কে প্রথম একাদশে সুযোগ পেলেন বা কে পেলেন না, তা নিয়ে দলের ভিতরে কোনও নেতিবাচক মানসিকতা নেই বলেও জানান তিনি।
জাতীয় দলের ওপেনিং কম্বিনেশন নিয়ে সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমেও বিস্তর আলোচনা চলছে। প্রাক্তন ক্রিকেটারদের একাংশ সঞ্জুর পরিবর্তে বৈভবকে সুযোগ দেওয়ার কথা বলেছেন। আবার কেউ অভিষেকের জায়গায় তরুণ ব্যাটারকে দেখতে চাইছেন। এই ধরনের আলোচনা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করেন বলে জানিয়েছেন সঞ্জু।
বিষয়টি বোঝাতে মজার ছলে ‘ওয়াইফাই’ প্রসঙ্গও টেনে আনেন তিনি। সঞ্জুর কথায়, তিনি সাধারণত ইন্টারনেট এবং সমাজমাধ্যমের আলোচনা এড়িয়ে চলার চেষ্টা করেন। তবে মাঝেমধ্যে সেগুলি চোখে পড়ে। সিনিয়র এবং প্রাক্তন ক্রিকেটারদের বিভিন্ন মতামতকেও স্বাভাবিক বলেই মনে করেন তিনি।
একই সঙ্গে সঞ্জু স্বীকার করেছেন, বাইরের সমালোচনা বা আলোচনা একজন ক্রিকেটারের উপর প্রভাব ফেলতেই পারে। ক্রিকেটাররাও মানুষ এবং তাঁদের আবেগ রয়েছে। তবে অভিজ্ঞতার সঙ্গে এই ধরনের পরিস্থিতি সামলানোর ক্ষমতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তাঁর মতে, বাইরের প্রতিটি মন্তব্য নিয়ে ভাবতে থাকলে মাঠে স্বাভাবিক ক্রিকেট খেলা কঠিন হয়ে পড়ে। শট খেলার আগে ব্যর্থতার পর কী ধরনের সমালোচনা হবে, সেই চিন্তা মাথায় এলে ব্যাটিংয়ে তার প্রভাব পড়তে বাধ্য। তাই নিজের খেলায় মনোযোগ রাখাকেই গুরুত্ব দিচ্ছেন সঞ্জু।
এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভারতের ইনিংস শুরু করেছিলেন সঞ্জু ও অভিষেক। তবে শেষ ম্যাচে বৈভব সূর্যবংশী দলে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। সেক্ষেত্রে ওপেনিং কম্বিনেশনে পরিবর্তন আসতে পারে।
তবে তার আগে ২২ বলে ৫৭ রানের ইনিংস খেলে নির্বাচকদের সামনে নিজের দাবি জোরালো করলেন সঞ্জু। দল নির্বাচন নিয়ে বাইরে যতই আলোচনা চলুক, সতীর্থদের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে দলের সাফল্যকেই অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন ভারতীয় ব্যাটার।
No Comment! Be the first one.