অসুস্থ খগেন মুর্মু এখনও হাসপাতালে, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী
সকাল সকাল ডেস্ক। শিলিগুড়ি : উত্তরবঙ্গে ত্রাণ বিলির সময় বেশ কিছু দিন আগে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। অসুস্থ খগেন মুর্মু শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন শুভেন্দু। বন্যা বিধ্বস্ত জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলে ত্রাণ বিলির সময় এমাসের প্রথমদিকে আক্রান্ত হন খগেন মুর্মু। দুষ্কৃতী হামলায় গুরুতর আঘাত পান তিনি। রক্তাক্ত হন খগেন, ওই দিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও আক্রান্ত হন। বৃহস্পতিবার খগেনকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে যান শুভেন্দু, তাঁর সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে আরও এক গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪
সকাল সকাল ডেস্ক। দুর্গাপুর: [p1] পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে মোট চারজনকে আটক করা হয়েছে। সর্বশেষে গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তি দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী কর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে। রবিবার রাতে ওই কর্মীকে আটক করা হয় এবং সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। এর আগে রবিবার ধৃত তিনজনকে আদালতে তোলা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এক অভিযুক্তের খোঁজ মেলেনি, তাঁর সন্ধানে তল্লাশি চলছে। তদন্তকারীরা মনে করছেন, গ্রেফতার হওয়া চারজনই ঘটনায় সরাসরি জড়িত এবং তাদের মধ্যে কেউ কেউ অপরাধ আড়াল করার চেষ্টা করেছিল। উল্লেখ্য, দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এই ঘটনার অভিযোগকারী। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা ছাত্রীটির পরিচিত ছিল এবং ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। ফরেনসিক রিপোর্ট ও মোবাইল কল রেকর্ডের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধী দল বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানিয়েছে, অভিযোগ তুলেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বাকিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল চক্রান্তকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি, অভিযুক্তদের মধ্যে কারও রাজনৈতিক যোগাযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দুর্গাপুর ও আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের দাবি, অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করে নিদর্শন স্থাপন করুক প্রশাসন। [p1]
উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে প্রধানমন্ত্রীর পোস্টের প্রেক্ষিতে জবাব মমতার
সকাল সকাল ডেস্ক। কলকাতা “উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও রাজনীতি করতে নেমেছেন প্রধানমন্ত্রী।” নরেন্দ্র মোদীর উদ্দেশে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির নাগরাকাটায় সোমবার বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের হামলার নিন্দা করে সোমবার রাতে এক্স হ্যান্ডলে বাংলা এবং ইংরেজিতে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুষেছিলেন রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলকে। প্রধানমন্ত্রীর সেই অভিযোগের ‘জবাব’ দিলেন মুখ্যমন্ত্রী। পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘এটি দুর্ভাগ্যজনক এবং গভীর ভাবে উদ্বেগজনক যে ভারতের প্রধানমন্ত্রী যথাযথ তদন্তের অপেক্ষা না করেই একটি প্রাকৃতিক দুর্যোগের রাজনীতিকরণের সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ভূমিধস পরবর্তী পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন।’’ ত্রাণ ও উদ্ধার অভিযান চলাকালীন বিজেপির নেতারা স্থানীয় পুলিশ-প্রশাসনকে কিছু না জানিয়ে কেন্দ্রীয় বাহিনী-সহ বিশাল কনভয় নিয়ে দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। দুই বিজেপি নেতার উপর হামলার জন্য রাজ্য ও শাসকদলের নাম জড়ানোর নিন্দা করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী কোনও যাচাই করা প্রমাণ, আইনি তদন্ত বা প্রশাসনিক প্রতিবেদন ছাড়াই তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারকে সরাসরি দোষারোপ করেছেন। এটি কেবল নিম্নমানের রাজনীতির উদাহরণ নয়, এটি প্রধানমন্ত্রী যে সাংবিধানিক নীতি বজায় রাখার শপথ নিয়েছেন তার লঙ্ঘন। যে কোনও গণতন্ত্রে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হয়। কেবলমাত্র আইনি প্রক্রিয়াই দোষী চিহ্নিত করতে পারে। কোনও রাজনৈতিক টুইট নয়।’’
দিনহাটার সাহেবগঞ্জে একাধিক জায়গায় বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য
সকাল সকাল ডেস্ক।সাহেবগঞ্জ, ২৪ সেপ্টেম্বর: কোচবিহারের সাহেবগঞ্জ এলাকার একাধিক জায়গায় বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে এনিয়ে এলাকায় ব্যপক চাঞ্ল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের দিনহাটা-২ ব্লক সভাপতি তথা প্রাক্তন প্রধানের স্বামী মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ বোমাবাজি হয়। পাশাপাশি সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা দিনহাটা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য অতুলচন্দ্র সরকারের বাড়ির সামনে নতুনবাজার এলাকায় ও প্রাক্তন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ময়নাল হকের শ্বশুরবাড়ির সামনের রাস্তায় বোমাবাজি হয় বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস । এদিকে এই ঘটনার পরে বুধবার সকালে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বাড়িতে পৌঁছে যান দিনহাটা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপককুমার ভট্টাচার্য। এদিন তিনি এই ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিজেপি এধরনের বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। শান্ত সাহেবগঞ্জকে অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে। পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। তারা যাতে দ্রুত দোষীদের গ্রেফতার করে সেই দাবি করেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
কলকাতার কোথাও আর জল জমে নেই, দাবি ফিরহাদ হাকিমের
সকাল সকাল ডেস্ক।কলকাতা, ২৪ সেপ্টেম্বর : কলকাতার কোথাও আর জল জমে নেই, বুধবার এমনই দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, এখন কোথাও জল জমে নেই। নীচু এলাকাতে কিছুটা জল রয়েছে, তবে সেখানেও জল কমতে চলেছে। বিজেপিকে কটাক্ষ করে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, “লড়াই করে (ক্ষমতায়) আসুন। বাংলার জনগণই ঠিক করবে, মমতার সরকার হবে কি হবে না। জনগণ তাঁকে মুখ্যমন্ত্রী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হৃদয়ে বাস করেন।” উল্লেখ্য, বুধবার সকালেও উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে ছিল। আবার কোথাও কোথাও জল নেমেছে। আপাতত ছন্দে ফেরার চেষ্টায় কল্লোলিনী কলকাতা। ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে, স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবাও।
“সরকারি অনুদান রাজ্যের জনগনের করের টাকা”, ফের সতর্কতা শুভেন্দুর
সকাল সকাল ডেস্ক। কলকাতা “মুখ্যমন্ত্রী দুর্গাপুজোয় ক্লাবগুলির সরকারি অনুদান দিচ্ছেন, এই টাকা রাজ্যের জনগনের করের টাকা। কিন্তু নন্দকুমারের বিধায়ক সুকুমার দে যেভাবে ক্লাবগুলিকে ধমকাচ্ছেন মনে হচ্ছে অনুদানের টাকা যেন ওনাদের পৈতৃক সম্পত্তি”। ওই ধমকানোর ভিডিয়ো-সহ এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “বিধায়ক সুকুমার দে’র বক্তব্য যেহেতু অনুদানের টাকা সরকার দিচ্ছে, সেহেতু ক্লাবগুলিকে পুজোর মণ্ডপে মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতেই হবে বাধ্যতা মূলকভাবে, এবং তিনি তার বিধানসভার অধীনস্ত সরকারি অনুদান প্রাপ্ত ক্লাবগুলির পুজো মণ্ডপ ঘুরে দেখবেন, এবং তার কথামতো যদি কোনো মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকে তাহলে সেই ক্লাব যাতে আগামী বছর অনুদান না পায় সেই ব্যবস্থা তিনি করবেন। নন্দকুমারে বিধায়ককে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই সরকার অনুদানের যে টাকা ক্লাবগুলিকে দিচ্ছে সেই টা পশ্চিমবঙ্গের জনগনের ট্যাক্সের টাকা আপনার দলের টাকা নয়, তৃণমূলের কোনো নেতার পৈতৃক টাকা নয়। আর আগামী বছরের ব্যাপার আগামী বছর দেখা যাবে, আপনার দল সরকার ক্ষমতায় আসবেনা, আগামী বছর আপনিও এক্স এমএলএ হবেন আর আর আপনার মালিক ও এক্স হবেন তাই ক্ষমতার দম্ভে হুমকি, আস্ফালন দেখানোর আগে ভালো করে ভেবেচিন্তে কথা বলুন!”
শিলিগুড়িতে কাশির নিষিদ্ধ সিরাপ-সহ গ্রেফতার এক যুবক
সকাল সকাল ডেস্ক।শিলিগুড়ি, শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ বিপুল পরিমাণ কাশির নিষিদ্ধ সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম রাজা কামতি। সে শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন কলোনির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে প্রধান নগর থানার পুলিশ খবর পায় যে শিলিগুড়ি জংশন এনবিএসটিসি তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডের কাছে এক যুবক সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে। তার কাছে একটি ব্যাগও ছিল। খবর পেয়ে অফিসার বাসুদেব সরকারের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। যুবকের ব্যাগ তল্লাশি করে প্রচুর পরিমাণে কাশির নিষিদ্ধ সিরাপের বোতল পাওয়া যায়। এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে এবং যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এখন তদন্ত করছে যে যুবকটি নিষিদ্ধ কাশির সিরাপের বোতলগুলি কোথা থেকে পেয়েছে এবং কাদের কাছে বিক্রি করতে যাচ্ছিল। প্রধান নগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
পুজোর আবহে কলকাতা মেট্রোয় চালু হল বর্ধিত পরিষেবা
সকাল সকাল ডেস্ক। কলকাতা মাঝে মাঝে যান্ত্রিক গণ্ডগোল বা কোনও কারণে মেট্রো পরিষেবার বিপত্তিতে যাত্রীদের মধ্যে ছিল ক্ষোভ। তাদের জন্য সুখবর। ব্যস্ত সময়ে ৮ মিনিটের বদলে ৬ মিনিট অন্তর চলতে শুরু করল ইস্ট-ওয়েস্ট মেট্রো। বাড়ানো হয়েছে ট্রিপের সংখ্যাও। আপাতত সোম থেকে শনিবার প্রতিদিন ১৮৬টির বদলে ২২৬ ট্রিপ মেট্রো চলবে। শনিবার থেকেই এই বর্ধিত পরিষেবা চালু হল। প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও বদল হচ্ছে না। পাশাপাশি আগামীকাল রবিবার মহালয়া উপলক্ষে খুব ভোরেই চালু হয়ে যাবে মেট্রো। বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও। সাধারণ রবিবার ১০৪টি পরিষেবা থাকে এই লাইনে। তার বদলে আগামীকাল মোট ১৩৬টি পরিষেবা চালানো হবে। হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৭টায় পাওয়া যাবে, যা সাধারণত সকাল ৯টায় শুরু হয়। সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৭টায় পাওয়া যাবে।
কোপাই থেকে বালি নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রামবাসীরা রাস্তা অবরোধ
সকাল সকাল ডেস্ক। বোলপুর, ১০ সেপ্টেম্বর:কোপাই নদী থেকে বাড়ির কাজে বালি নিয়ে যাওয়ার সময় পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনাটি ঘটেছে বোলপুর-কোপাই রাস্তায় মহিষঢালের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষঢাল সংলগ্ন কোপাই নদীর পাড় থেকে বালি নিয়ে যাচ্ছিলেন দুই যুবক। পুলিশ তাদের আটক করলে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, “প্রতি দিন পুলিশের নজরে থাকা সত্ত্বেও বালির পাচার হয়। কিন্তু সামান্য দু-এক বস্তা বালির জন্য আমাদের আটক করা হয়েছে।” ক্ষোভের প্রেক্ষিতে গ্রামবাসীরা কোপাই-আমোদপুর রাস্তা অবরোধ করেন এবং বিক্ষোভ দেখান।
নারায়ণগড়ে কর্মসূচিতে তালাবন্দি বিডিও, শুভেন্দুর তীব্র কটাক্ষ
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ১০ সেপ্টেম্বর:‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিডিওকে গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে শেষ পর্যন্ত পুলিশকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। জনরোষ থেকে বাঁচতে বিডিওকে এলাকায় দৌড়াতে হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই চাঞ্চল্যকর ঘটনা নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আমাদের পাড়া, আমাদের সমাধান – বিক্ষোভের ভয়ে দৌড়ে বিডিও সাহেবের অন্তর্ধান। নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের মাগুরিয়ার রাস্তার বেহাল দশায় মানুষের জীবন বিপন্ন। গ্রামের মানুষের যাতায়াত ঝুঁকিপূর্ণ, অ্যাম্বুল্যান্স ঢুকতে পারে না এবং অসুস্থ রোগীদের হাসপাতালে পাঠাতে হলে ডুলিতে তুলে নিতে হয়। প্রসূতি মায়েদের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। গ্রামের মানুষ যতবার দাবি জানিয়েছেন, ততবার সান্ত্বনা বাক্য ছাড়া কিছুই পাননি।” দীর্ঘদিনের দাবি থাকা রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন। পুজোর মুখে শুরু হওয়া ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে বিডিও যেতেই গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দেন।