সকাল সকাল ডেস্ক
প্লাস্টিকের বোতলের ব্যবহার এড়িয়ে চলতে অনেকেই এখন স্টেইনলেস স্টিলের বোতল বেছে নিচ্ছেন। কাচের বোতলের মতো সহজে ভেঙে যাওয়ার ভয় নেই, আবার বাইরে বেরোনোর সময় সঙ্গে নেওয়াও সুবিধাজনক। কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে স্টিলের বোতলের ভিতরে দুর্গন্ধ তৈরি হতে পারে। মুখ সরু হওয়ায় ভিতরে জমে থাকা ময়লাও অনেক সময় সহজে চোখে পড়ে না। তাই নিয়মিত এবং সঠিক পদ্ধতিতে বোতল পরিষ্কার করা জরুরি।
স্টিলের বোতলের দুর্গন্ধ ও জমে থাকা ময়লা পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। বোতলে ঈষদুষ্ণ জল নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। এরপর বোতল পরিষ্কার জল দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন। বেকিং সোডা দুর্গন্ধ ও জমে থাকা দাগ দূর করতে সাহায্য করতে পারে।
ভিনিগারও বোতল পরিষ্কারে কাজে লাগতে পারে। বোতলের মধ্যে ভিনিগার ও উষ্ণ জল দিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। এরপর বোতল পরিষ্কারের ব্রাশ ও বাসন ধোয়ার সাবান ব্যবহার করে ভালভাবে ধুয়ে নিন। তবে প্রস্তুতকারকের পরিষ্কারের নির্দেশনা থাকলে সেটিই অনুসরণ করা উচিত।
লেবু ও নুনও ব্যবহার করা যেতে পারে। বোতলের মধ্যে সামান্য লেবুর রস, জল ও নুন দিয়ে ভালভাবে ঝাঁকিয়ে নিন। এরপর উষ্ণ জল দিয়ে বোতল ধুয়ে ফেলুন। দুর্গন্ধ কমানোর পাশাপাশি ভিতরের হালকা দাগ পরিষ্কার করতেও এই পদ্ধতি কাজে আসতে পারে।
শুধু বোতলের ভিতর পরিষ্কার করলেই হবে না, ঢাকনার দিকেও নজর দেওয়া জরুরি। ঢাকনার খাঁজ ও রবারের সিলে ময়লা জমতে পারে। তাই সম্ভব হলে সেগুলি আলাদা করে ছোট ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।
ধোয়ার পর বোতল ও ঢাকনা সম্পূর্ণ শুকিয়ে নেওয়াও জরুরি। ভেজা অবস্থায় মুখ বন্ধ করে রাখলে ফের দুর্গন্ধ তৈরি হতে পারে। নিয়মিত ব্যবহারের বোতল প্রতিদিন সাবান ও জল দিয়ে পরিষ্কার করা ভাল। পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর ঢাকনা, সিল এবং বোতলের ভিতরের অংশ ভালভাবে পরিষ্কার করলে বোতল পরিচ্ছন্ন রাখা সহজ হবে।
No Comment! Be the first one.