মন্ত্রীর স্বামীর উপর হামলার অভিযোগে উত্তপ্ত খাতড়া, গ্রেফতার ৬ জনকে আদালতে পেশ
সকাল সকাল ডেস্ক। বাঁকুড়া : রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার খাতড়া। শুক্রবার রাতে খাতড়া বাজারে এই হামলার অভিযোগে খাতড়া থানার পুলিশ ৬ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। শনিবার তাঁদের খাতড়া মহকুমা আদালতে পেশ করে। মন্ত্রী জ্যোৎস্না মান্ডি অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় খাতড়া বাজারে লাঠিসোঁটা হাতে জমায়েত করে ছিলেন বিজেপি কর্মীরা। ঠিক সেই সময় বাজারে মুদিখানার জিনিসপত্র কিনতে গিয়েছিলেন তাঁর স্বামী। অভিযোগ, সেখানে উপস্থিত ১৫-১৬ জন বিজেপি কর্মী তাঁর স্বামীর উপর চড়াও হয়। হামলায় তুহিন মান্ডি পিঠ ও ডান হাতে গুরুতর আঘাত পান। পরে তাঁকে দ্রুত খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছাড়া হয়। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ৬ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে এবং শনিবার তাঁদের খাতড়া মহকুমা আদালতে পেশ করে। মন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ, “বিজেপি গত কয়েকদিন ধরেই এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। রাজনীতির লড়াই থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কখনও মেনে নেওয়া যায় না। আমার স্বামী রাজনীতি করেন না। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।” তিনি আরও বলেন, “বিজেপির ঔদ্ধত্য এবার সীমা ছাড়িয়ে গেছে। খাতড়ার মানুষ এই ঘটনার উপযুক্ত জবাব দেবে।” যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ খারিজ করে বিজেপির পালটা দাবি, “এই ঘটনা সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত।” বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দীপক দাস বলেন, “শুক্রবার সন্ধ্যায় খাতড়া বাজারে তৃণমূলের গুন্ডারাই বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। বিজেপি কর্মীরা আত্মরক্ষায় প্রতিরোধ করে। পরে র্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও লাঠিচার্জ করে। সেই সময় কার লাঠির আঘাতে মন্ত্রীর স্বামী আহত হয়েছেন, তা পরিষ্কার নয়। হতে পারে, তৃণমূলেরই কেউ ভুল করে লাঠি মেরেছে। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।” তিনি আরও অভিযোগ করেন, “এই ঘটনার মাধ্যমে মূল ঘটনা থেকে নজর ঘোরাতে তৃণমূল পরিকল্পিতভাবে পুলিশের সাহায্য নিয়ে মিথ্যা মামলা করছে।”
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের বারো ঘণ্টার মধ্যে ধুবড়িতে ধৃত গো-মাংস এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ৩৮ জন অপরাধী
সকাল সকাল ডেস্ক। ধুবড়ি (অসম) : মৌলবাদী শক্তিকে মাথা তুলতে দেবেন না, গো-মাংস মামলায় ধুবড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল শুক্ৰবার ধুবড়ি এসে হুংকার দিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। গতকালই গো-মাংসভিত্তিক অশান্তি সৃষ্টিকারী সন্দেহজনক দুষ্কৃতীদের ‘দেখামাত্র গুলি’ এবং জেলার সমস্ত ‘দাগি অপরাধীদের’ অবিলম্বে গ্রেফতারের কড়া নির্দেশ দিয়েছিলন ড. শর্মা। নির্দেশের পর গতকাল গোটা রাত এবং আজ শনিবার সকাল পর্যন্ত ধুবড়ি জেলার অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গো-মাংস সম্পৰ্কিত ৩৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। ধুবড়িতে ক্ৰিমিন্যাল পাকড়াও অভিযান তীব্ৰ করেছে পুলিশ। আজ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা জানান, গতকাল রাত থেকে ধুবড়ির গো-মাংসকেন্দ্ৰিক মামলায় ৩৮ জনকে গ্ৰেফতার করা হয়েছে। ধুবড়িতে সংগঠিত এই কুকৰ্মকে নিয়ে তিনি অতি চিন্তিত, বলেছেন সোশাল মিডিয়া এক্স-এ। নিম্ন অসমের ধুবড়িতে সদ্যসমাপ্ত বকরি ঈদের পর একটি দুষ্টচক্র হনুমান মন্দিরে পর পর দুদিন গরুর কাটা মাথা এবং বিভিন্ন এলাকায় গরুর অঙ্গপ্রত্যক্ষ ফেলে সাম্প্রদায়িক সম্প্ৰীতি ক্ষুণ্ণ করতে উঠে-পড়ে লেগেছে। ধুবড়ি জেলায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া সহ যে কোনও অপ্ৰীতিকর কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পুলিশকে খোলাহাত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই পরিপ্রেক্ষিতে রাতে কাউকে সন্দেহজনক মনে করলে পুলিশকে ‘দেখামাত্র গুলি’ করার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছিলেন, ‘বাংলাদেশের মৌলবাদী শক্তির টাৰ্গেট ধুবড়ি। আমি কখনও মৌলবাদীদের দাপাদাপি চলতে দেব না।’ মুখ্যমন্ত্রী প্রদত্ত নির্দেশের বারো ঘণ্টার মধ্যে অ্যাকশন মুডে ময়দানে নেমেছে ধুবড়ি জেলা পুলিশ। পুরনো মামলা এবং নতুন অপরাধের সঙ্গে জড়িত আটটি থানা এলাকা থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা ধুবড়ি সদর থানা এলাকার চার, গৌরীপুর থানা এলাকার সাত, গোলকগঞ্জ থানা এলাকার পাঁচ, আগমণি থানা এলাকার এক, তামারহাট থানা এলাকার পাঁচ, বিলাসীপাড়া থানা এলাকার এক, চাপর থেকে তিন, সাপটগ্ৰাম থানা এলাকা থেকে পাঁচ এবং আরও সাতজন। গতকাল মুখ্যমন্ত্রীর নিৰ্দেশে ধুবড়ি জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সংবেদনশীল এলাকায় পুলিশের সঙ্গে আধাসামরিক বাহিনী এবং রেপিড অ্যাকশন ফোর্স (আরএএফ, রেফ) মোতায়েন করা হয়েছে। গতকাল রাত থেকে আইজিপি (আইন-শৃঙ্খলা) অখিলেশ কুমার সিঙের নেতৃত্বে ব্যাপক টহল অভিযান চলে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাইরেন বাজিয়ে নাগরিকদের শান্ত থাকতে এবং উস্কানির শিকার না হয়ে সজাগ থাকার আবেদন জানানো হয়েছে।
ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা ইজরায়েলের
ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আকাশপথে হামলা চালাল ইজরায়েল। শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ইউরোপীয় সফরে টানা তৃতীয় জয়, বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়েছে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল
সকাল সকাল ডেস্ক। অ্যান্টওয়ার্প : বৃহস্পতিবার অ্যান্টওয়ার্পের উইলরিজকসে প্লেইনের হকি সেন্টার অফ এক্সিলেন্সে বেলজিয়ামের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয়ের মাধ্যমে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল ইউরোপে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। এটি সফরে ভারতের টানা তৃতীয় জয়। ভারতের হয়ে সোনম ৪ মিনিটে, লালথান্টলুয়াঙ্গি ৩২ মিনিটে এবং কনিকা সিওয়াচ ৫১ মিনিটে গোল করেন, অন্যদিকে বেলজিয়াম মারি গোয়েনস ৩৭ মিনিটে এবং মার্টে মারি ৪০ মিনিটে গোল করেন। ভারত শুরুতেই আক্রমণাত্মক খেলা শুরু করে, চতুর্থ মিনিটে সোনম ফিল্ড গোলের মাধ্যমে গোল করে। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তৃতীয় কোয়ার্টারে ৩২তম মিনিটে লালথান্টলুয়াঙ্গির পেনাল্টি কর্নার থেকে গোল করে দলটি এগিয়ে যায়। বেলজিয়াম দ্রুত ঘুরে দাঁড়ায়, ৩ মিনিটের মধ্যে দুটি গোল করে। ৩৭ তম মিনিটে গোয়েনস পেনাল্টি স্ট্রোকে পরিণত করেন এবং ৪০ তম মিনিটে মার্তে মারি ফিল্ড গোল করে ম্যাচটি ২-২ গোলে সমতায় ফেরান। তবে চতুর্থ কোয়ার্টারের শেষের দিকে ভারত আবার নিয়ন্ত্রণ ফিরে পায়। ৫১ মিনিটে কনিকা পেনাল্টি কর্নার থেকে গোল করে লিড পুনরুদ্ধার করেন, যা দল ধরে রাখে এবং জয় লাভ করে। বেলজিয়ামের বিরুদ্ধে ৩টি ম্যাচই জিতেছে ভারত, এখন তাদের ইউরোপীয় সফর অব্যাহত রেখে ১৪ জুন, শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
“কীভাবে বেঁচে গেলাম জানিনা”, মোদীকে অভিশপ্ত বিমানের একমাত্র জীবিত যাত্রী
সকাল সকাল ডেস্ক। আহমেদাবাদ : “উড়ানের ঠিক ৩০ সেকেন্ড পরই সব শেষ! কীভাবে ওখান থেকে বেরিয়ে এলাম জানি না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাসপাতালের বিছানায় শুয়েই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ। রাখে হরি মারে কে। আহমেদাবাদের ভয়ংকর বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন বিশ্বাসকুমার। বৃহস্পতিবার তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শুক্রবার সকাল সকাল তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে যান। জানা গিয়েছে, ৪৫ বছর বয়সি বিশ্বাসকুমার ১১এ সিটটিতে বসেছিলেন। যাত্রী এবং ক্রু মেম্বার মিলিয়ে মোট ২৪২ জনের মধ্যে সম্ভবত তিনিই একমাত্র জীবিত। এই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর সহযাত্রী তথা ভাই অজয় কুমার রমেশের। তিনি বসেছিলেন অন্য রোয়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হেঁটে হেঁটেই ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে বেরিয়ে আসছেন তিনি। তিনি জানান, “টেক অফের ঠিক ৩০ সেকেন্ড পরই বিকট শব্দ শুনতে পেলাম। তারপরই বিমানটা ভেঙে পড়ল। ভীষণ দ্রুত সবকিছু ঘটে গেল। আমি কীভাবে ওখান থেকে বেরিয়ে এলাম জানি না।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুকে চোট পেয়েছেন বিশ্বাসকুমার। তবে এর মধ্যেও ধ্বংসস্তূপ থেকে নিজের ভাইকে খুঁজে বের করার আর্জি জানিয়েছেন তিনি।
আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, চালু দুটি আপৎকালীন নম্বর
সকাল সকাল ডেস্ক। আহমেদাবাদ : আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে একটি বিমান। ঘটনাটি দুপুর ১টা থকে ২টোর মধ্যে হয়েছে। দুর্ঘটনায় বহুজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, গুজরাট সরকার একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে এবং দুটি আপৎকালীন নম্বর (০৭৯-২৩২-৫১৯০০ এবং ৯৯৭৮৪০৫৩০৪) চালু করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। লন্ডনগামী উড়ানে ২৪২ জন যাত্রী ছিলেন, জানিয়েছে গুজরাট পুলিশ।
ট্রাম্প মধ্যপ্রাচ্য থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছেন; বলেছেন– খামেনেইকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না
ইসরায়েল ইরানের ওপর হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। সে বিষয়টি আমেরিকাকে জানিয়ে দিয়েছে। এই তথ্য সিবিএস নিউজ আমেরিকান কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে।
আহমেদাবাদে ভাঙল এয়ার ইন্ডিয়ার বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা
সকাল সকাল ডেস্ক। আহমেদাবাদ : আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে একটি বিমান। ঘটনাটি দুপুর ১টা থকে ২টোর মধ্যে হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে অ্যাম্বুল্যান্স। বিমান বন্দর থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। লন্ডনগামী উড়ানে দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। ২৪২ জন যাত্রী ছিলেন বিমানটিতে, জানিয়েছে গুজরাট পুলিশ। আপাতত ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। ই ঘটনায় শোকপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি জানিয়েছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণকার্য করার জন্য আমি আধিকারিকদের নির্দেশ দিয়েছি এবং যুদ্ধকালীন তৎপরতায় আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। আহত যাত্রীদের চিকিৎসার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করার এবং অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালে সমস্ত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আমার সঙ্গে কথা বলেছেন। এই বিমান দুর্ঘটনায় উদ্ধার ও ত্রাণকার্যে এনডিআরএফ এবং কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।
বিশ্বকাপ বাছাই পর্ব: ভিনিসিউসের গোলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ব্রাজিল
সকাল সকাল ডেস্ক। সাও পাওলো : অবশেষে চিন্তার অবসান। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে যাওয়ার টিকিট পেল ব্রাজিল। আর নতুন কোচ আনচেলত্তির অধীনে প্রথম জয় পেল ব্রাজিল। বুধবার (১১ জুন) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে তারা। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। আর এই জয়ে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল ব্রাজিল। ভারতীয় সময় বুধবার সকালে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। এই জয়ে আপাতত পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল । এদিন দু’নম্বরে উঠে আসতে ব্রাজিলকে সাহায্য করেছে উরুগুয়ে। কারণ উরুগুয়ে ভেনেজুয়েলাকে হারানোর পর সুযোগ আসে ব্রাজিলের সামনে। প্যারাগুয়েকে হারিয়ে সেটা কাজে লাগাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর ফলে লাতিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করল ২০২৬ আসরে খেলা। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলে শুরু করে ব্রাজিল। কিন্তু প্রথমার্ধে প্রায় গোলশূন্য অবস্থাতেই ম্যাচ শেষ হতে চলেছিল। গোল আসে ৪৪ মিনিটে। প্যারাগুয়ের তিন ডিফেন্ডারের চ্যালেঞ্জের মুখে বলের নিয়ন্ত্রণ হারায় রাফিনিয়া। ছুটে গিয়ে সেই বল ধরে বাইলাইন থেকে কাটব্যাক করেন কুইয়া। সেই বল ধরে গোল করতে কোনো ভুল করেননি ভিনিসিউস। দ্বিতীয়ার্ধেও ভালো সুযোগ তৈরি করে গোল করতে পারেনি ব্রাজিল। ওই একটা গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে আছে ব্রাজিল। এদিনের অন্য ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা আর্জেন্টিনা ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছে ।
ইকুয়েডর যোগ্যতা অর্জন করেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য
সকাল সকাল ডেস্ক। লিমা : মঙ্গলবার লিমায় পেরুর সাথে ০-০ গোলে ড্র করার পর ইকুয়েডর তাদের ইতিহাসে পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ইকুয়েডরের দলটি পেরুর বিরুদ্ধে ১০ জনের দল নিয়েও যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় একমাত্র পয়েন্ট অর্জন করে। এই ফলাফলের ফলে দক্ষিণ আমেরিকার ১০ দলের তালিকায় ইকুয়েডর ১৬টি খেলায় ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, যা তাদের স্বয়ংক্রিয়ভাবে বাছাইপর্বে স্থান নিশ্চিত করেছে। আগের দিন, প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলের পর ব্রাজিলও আগামী বছরের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ।