বর্ধমান সড়ক দুর্ঘটনা: নিহত ১১ জন তীর্থযাত্রীর মরদেহ ফিরল বিহারে
সকাল সকাল ডেস্ক। পূর্ব বর্ধমানের নালা ফেরিঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বিহারের পূর্ব চম্পারণ জেলার ১১ জন তীর্থযাত্রীর মরদেহ শনিবার গভীর রাতে নিজ গ্রামে পৌঁছল। একে একে সাতটি অ্যাম্বুলেন্সে মরদেহ আসতেই কান্নায় ভেঙে পড়ল পরিবার ও গ্রামবাসী। তীর্থযাত্রীরা দেবঘর ও বাসুকিনাথ দর্শন সেরে গঙ্গাসাগর থেকে ফিরছিলেন। ফেরার পথে এনএইচ-১৯-এ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তাঁদের বাস উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের, আহত হন অন্তত ৩৫ জন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। মৃতদের মরদেহ পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় মোতিহারিতে পৌঁছে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। রবিবার সরকারি সহায়তায় সম্পন্ন হবে শেষকৃত্য।
কাঠুয়ায় মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু ৭, ক্ষতিগ্রস্ত রেললাইন
সকাল সকাল ডেস্ক। কাশ্মীর ; জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় ফের মেঘভাঙা বৃষ্টি। রাতভর বৃষ্টিতে ভেসে যায় গ্রাম, ক্ষতিগ্রস্ত হয় রেললাইন ও জাতীয় সড়ক। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। নিহতদের মধ্যে রয়েছেন তিন শিশু ও দুই মহিলা। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে সেনা, আধাসেনা ও বেসামরিক প্রশাসন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিবারগুলিকে সাহায্য করা হচ্ছে।
প্রিমিয়ার লিগে দুরন্ত শুরু ম্যানচেস্টার সিটির
সকাল সকাল ডেস্ক। প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরুতেই দাপট দেখাল ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটনের মাঠে ৪-০ গোলে জয় পেল পেপ গুয়ার্দিওলার দল। প্রথমার্ধে হলান্ড গোল করে দলকে এগিয়ে দেন, পরে রেইডার্স ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন হলান্ড। এরপর অভিষেক ম্যাচেই গোল পেলেন তরুণ হায়ান শের্কি। ম্যাচে সিটি প্রায় ৫৯ শতাংশ সময় বল দখলে রাখে এবং চারটি শট লক্ষ্যভেদ করে, সবগুলোই গোল হয়। ম্যাচ শুরুর আগে প্রয়াত ফুটবলার দিয়োগো জটাকে স্মরণ করা হয়। এদিন আরও দুটি ম্যাচ ড্র হয়েছে—ব্রাইটন বনাম ফুলহ্যাম (১-১) এবং অ্যাস্টন ভিলা বনাম নিউক্যাসল (০-০)।
সিনসিনাটি ওপেন: ফাইনালে সিনার বনাম আলকারাজ
সকাল সকাল ডেস্ক। সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্টে ফাইনালে পৌঁছলেন শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন জ্যানিক সিনার। নিজের ২৪তম জন্মদিনে ইতালির এই তারকা ৭-৬(৪), ৬-২ সেটে হারালেন ফরাসি কোয়ালিফায়ার আতমানকে। ম্যাচ শেষে দর্শকরা তাঁকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানান কোর্টে দাঁড়িয়ে। সিনার বলেন, “খুব কঠিন চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি খুশি।” অন্য সেমিফাইনালে স্পেনের কার্লোস আলকারাজ ৬-৪, ৬-৩ সেটে হারালেন জার্মান তৃতীয় বাছাই আলেকজান্ডার জভেরেভকে, যিনি ম্যাচ চলাকালীন চোটের সমস্যায় ভুগছিলেন। ফলে সিনসিনাটির ফাইনালে আবারও তৈরি হল সিনার বনাম আলকারাজের বহুল প্রতীক্ষিত লড়াই।
বিগ বস জয়ী এলভিশ যাদবের বাড়িতে গুলি, আতঙ্কে পরিবার
সকাল সকাল ডেস্ক। মুম্বাই ; গুরুগ্রামের ইউটিউবার ও বিগ বস ওটিটি জয়ী এলভিশ যাদবের বাড়িতে গুলি চালাল দুষ্কৃতীরা। রবিবার ভোরে তিনটি বাইকে করে কিছু মুখোশধারী দুষ্কৃতী এসে প্রায় ১০–১২ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। বাড়ির প্রথম তলে বুলেট লাগে, তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। ঘটনার সময় বাড়িতে ছিলেন এলভিশের পরিবারের সদস্য ও কেয়ারটেকার। পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলভিশের বাবা জানিয়েছেন, “আমরা তখন ঘুমাচ্ছিলাম। বাইকে করে তিনজন আসে, গুলি চালায়, তারপর পালিয়ে যায়।” প্রসঙ্গত, ইউটিউব তারকা এলভিশ ২০২৩ সালে বিগ বস ওটিটি জয় করেছিলেন। তিনি একাধিক মিউজিক ভিডিও ও সিনেমায় কাজ করেছেন। তবে গত বছর একটি রেভ পার্টি থেকে তাঁকে গ্রেফতার করেছিল নয়ডা পুলিশ, অভিযোগ ছিল সাপের বিষ সরবরাহের সঙ্গে যুক্ত থাকার। পরে তিনি জামিনে ছাড়া পান।
‘ধূমকেতু টু’ আটকানো যাবে না, মত কৌশিক গঙ্গোপাধ্যায়ের
সকাল সকাল ডেস্ক। কলকাতা ; স্বাধীনতা দিবসের মরসুমে মুক্তি পাওয়া বাংলা ছবি ‘ধূমকেতু’ ফের আলোচনায়। ছবিটি তৈরি হয়েছিল দশ বছর আগে, তবে মুক্তি পায় এবারই। দেব-শুভশ্রী অভিনীত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। ছবির শেষে ‘কাহিনি অসমাপ্ত’ লেখা দেখে দর্শকদের মধ্যে প্রশ্ন জাগে—কবে আসবে ‘ধূমকেতু টু’? সম্প্রতি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমার কাজ ছিল কাহিনি অসমাপ্ত লিখে দেওয়া। সেটাই করেছি। তবে এখন যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে মনে হয় না ছবির দ্বিতীয় ভাগ আটকে রাখা যাবে।” দেব-শুভশ্রী বাংলা সিনেমার অন্যতম সফল জুটি হলেও, তাঁরা এখনও পর্যন্ত মাত্র ছ’টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এই ছবির প্রচারে ব্যক্তিগত দূরত্ব ভুলে আবার একে অপরের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের। কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায় স্পষ্ট, তিনি দ্বিতীয় ভাগ করতে প্রস্তুত। তবে কবে শুটিং শুরু হবে, তা এখনও স্থির হয়নি। ফলে ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ।
জন্মাষ্টমীর দিনে সোনার দামে পতন, রূপোর দামে বৃদ্ধি, জানুন আপনার শহরের সর্বশেষ রেট
ভারতীয় সোনারুপো বাজারে দামের ওঠানামা অব্যাহত রয়েছে।
বয়স নিয়ে কটাক্ষে আঘাত, মুখ খুললেন মালাইকা অরোরা
সকাল সকাল ডেস্ক। মুম্বাই ; নিজের শরীর ও ব্যক্তিত্ব নিয়ে সবসময়ই আত্মবিশ্বাসী থেকেছেন মালাইকা অরোরা। বডি পজিটিভিটি নিয়ে বলিউডে তিনি সবসময়ই উদাহরণ স্থাপন করেছেন। তবে সম্প্রতি তিনি জানালেন, বয়স নিয়ে হওয়া কটাক্ষ তাঁকে আঘাত করে। ৫১ বছর বয়সী এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, “‘বুড়ি’ বলে ডাকা সত্যিই খুবই অসংবেদনশীল। মাঝে মাঝে এগুলোকে একেবারে উপেক্ষা করা যায় না। আমার কাছে বিষয়টা আবেগে আঘাত করে।” তিনি আরও যোগ করেন, “মানুষ বাইরের দিকটাই দেখে, ভাবে আমি সবসময়ই খুশি। কিন্তু অনেক সময় ভেতরে কিছু মন্তব্য আপনাকে ট্রিগার করতে পারে।” তবে নেতিবাচক মন্তব্যকে শক্তিতে রূপান্তরিত করার কৌশল শিখে নিয়েছেন তিনি। মালাইকা বলেন, “এগুলোকে উদাহরণ হিসেবে দেখা উচিত—যেখানে আপনি নিজেকে পাল্টে নিতে চান।” নিজের ছেলে আরহানকে তিনি উল্লেখ করেছেন ‘সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম’ হিসেবে। মালাইকার ভাষায়, “ও সবসময় বলে—‘এতে কী হয়েছে মা? কেন তুমি প্রভাবিত হচ্ছ?’ ওর এই কথাগুলো আমায় ইতিবাচকভাবে ভাবতে শেখায়।”
বিক্রম-ঐন্দ্রিলা ফের ছোটপর্দায়, এবার জুটিতে সঞ্চালনা
সকাল সকাল ডেস্ক। কলকাতা দীর্ঘ দেড় দশকের বন্ধুত্ব, পর্দায় অগণিত জনপ্রিয় মুহূর্ত—আবারও একসঙ্গে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তাঁদের শেষ একসঙ্গে দেখা গিয়েছিল ‘ফাগুন বউ’ ধারাবাহিকে। এবার আর ধারাবাহিক নয়, বরং নতুন এক রিয়ালিটি শো-এ সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন এই প্রিয় জুটি। জি বাংলার নতুন গেম শো ‘দশ দিনে দশ লাখ’-এর সঞ্চালনা করবেন তাঁরা। নামেই বোঝা যাচ্ছে, এটি একটি গেম শো হলেও একেবারে আলাদা আঙ্গিকে। এটি কাপল গেম শো, যেখানে প্রতিযোগী দম্পতিদের নানা মজাদার খেলার পাশাপাশি দর্শকের কাছে বিশেষ আকর্ষণ হয়ে থাকবে বিক্রম-ঐন্দ্রিলার উপস্থাপনা ও তাঁদের দীর্ঘদিনের পরিচিত রসায়ন। টেলিভিশনের দর্শকদের কাছে এই জুটি বহু আগেই জনপ্রিয়তা কুড়িয়েছিল। মাঝখানে দীর্ঘ সময় তাঁদের একসঙ্গে দেখা না গেলেও বাস্তব জীবনের বন্ধুত্ব অটুট থেকেছে। সেই বন্ধুত্বের ছায়া আবারও পড়তে চলেছে টিভির পর্দায়। দর্শকদের প্রশ্ন, ফিরবে কি আগের মতোই সেই পুরনো ম্যাজিক? উত্তর মিলবে জি বাংলার নতুন শো-এ।
পাকিস্তানে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন; মৃত্যু একজনের, আহত ১৮ জন
পাকিস্তানের পঞ্জাব প্রদেশে লাইনচ্যুত হয়ে গেল একটি যাত্রীবাহী ট্রেন।