ইসরায়েলপন্থী গোষ্ঠীর বিপুল প্রচার ব্যর্থ, ক্যালিফোর্নিয়ায় জয় আয়শা ওয়াহাবের

সকাল সকাল ডেস্ক

ক্যালিফোর্নিয়া: ইসরায়েলপন্থী বিভিন্ন গোষ্ঠীর বিপুল নির্বাচনী ব্যয়ের মধ্যেও ক্যালিফোর্নিয়ার বিশেষ নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট নেতা আয়শা ওয়াহাব। প্রাক্তন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের ছেড়ে দেওয়া আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেছেন তিনি। এর ফলে ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে মার্কিন প্রতিনিধি পরিষদে যাচ্ছেন আয়শা।

সান ফ্রান্সিসকো বে এলাকার দক্ষিণ-পূর্ব অংশ নিয়ে গঠিত এই নির্বাচনী কেন্দ্র থেকে সোয়ালওয়েলের মেয়াদের অবশিষ্ট সময় দায়িত্ব পালন করবেন আয়শা। আগামী জানুয়ারি পর্যন্ত ওই মেয়াদ চলবে। একই সঙ্গে প্রথম আফগান বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য হিসেবে ইতিহাস গড়তে চলেছেন তিনি।

জয়ের পর আয়শা বলেন, যে এলাকা তাঁকে বড় করে তুলেছে, সেখানকার মানুষের অধিকারের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন। তাঁর বিরুদ্ধে বিপুল অর্থ ব্যয়ে চালানো প্রচারের প্রসঙ্গ টেনে আয়শার দাবি, নির্বাচনের ফল প্রমাণ করেছে এই এলাকার ভোটারদের অর্থ দিয়ে প্রভাবিত করা যায় না। নিজের জীবনসংগ্রামের কথাও তুলে ধরেছেন তিনি। ফস্টার কেয়ার থেকে মার্কিন কংগ্রেস পর্যন্ত তাঁর যাত্রা যে কোনও স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনার উদাহরণ বলে মন্তব্য করেছেন আয়শা।

ক্যালিফোর্নিয়ার রাজনীতিতে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়ের পক্ষে সরব প্রগতিশীল নেতা হিসেবে পরিচিত আয়শা। গাজা যুদ্ধ নিয়েও তাঁর অবস্থান স্পষ্ট। গত বছর ক্যালিফোর্নিয়া আইনসভায় গাজার মানবিক পরিস্থিতির কথা তুলে ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলে এক নির্বাচনী বিতর্কে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে ‘জাতিগত হত্যা’ বলে মনে করেন কি না জানতে চাওয়া হলে তিনি সরাসরি সম্মতি জানিয়েছিলেন।

অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী হার্নান্দেজ ওই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে গাজায় ধ্বংসের মাত্রা সীমা ছাড়িয়েছে।

এই নির্বাচন ঘিরে বিশেষ নজর ছিল ইসরায়েলপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলির ভূমিকার দিকে। প্রাথমিক নির্বাচনে আয়শা ৪২ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন। সেখানে হার্নান্দেজের ভোট ছিল প্রায় ১৭ শতাংশ। মূল লড়াই এগিয়ে আসার সঙ্গে সঙ্গে অবশ্য ব্যবধান কমতে থাকে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগস্টের শুরু থেকে হার্নান্দেজের সমর্থনে ‘ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট’ প্রায় ২৫ লাখ ডলার ব্যয় করে। সংগঠনটি প্রভাবশালী ইসরায়েলপন্থী লবি আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের সঙ্গে যুক্ত। পাশাপাশি আইপ্যাকের অর্থায়ন পাওয়া ‘বোল্ড আমেরিকা’ও প্রায় ১৯ লাখ ডলার ব্যয় করেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। অর্থাৎ হার্নান্দেজের পক্ষে এই দুই সংগঠনের ব্যয়ই প্রায় ৪৪ লাখ ডলার।

তার পরেও আয়শার জয় মার্কিন রাজনীতিতে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলির নির্বাচনী প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জনমতের পরিবর্তনের সময় এই ফল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে এখানেই আয়শা ও হার্নান্দেজের লড়াই শেষ হচ্ছে না। আগামী নভেম্বরে পূর্ণ দুই বছরের মেয়াদের জন্য নির্বাচনে ফের মুখোমুখি হওয়ার কথা তাঁদের। আয়শার জয়ের পর ক্যালিফোর্নিয়ার প্রগতিশীল কংগ্রেস সদস্য রো খান্নাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Read More News

সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা, ডিআরডিও-র অগ্নি-৪ পরীক্ষায় নতুন মাইলফলক

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন...

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More