দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিজন ভ্যানে গাইলেন গান

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : ভোটচুরির অভিযোগে দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে ধরনায় বসার পর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ। শনিবার ধরনাস্থল থেকে তাঁকে আটক করা হয়। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও সাংসদকেও আটক করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম এবং সাকেত গোখেল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেআইনি জমায়েতের অভিযোগ তুলে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরনা তুলে নেওয়ার অনুরোধ জানায়। তবে সেই অনুরোধে সাড়া দেননি তিনি। এরপরই পুলিশ তাঁকে আটক করে প্রিজন ভ্যানে তোলে। তাঁর সঙ্গে থাকা তৃণমূল নেতাদেরও আটক করা হয়। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি।

আটক হওয়ার পর প্রিজন ভ্যানে ওঠার সময় নিজের সামাজিক মাধ্যমের পাতায় সরাসরি সম্প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্প্রচারে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সরব হন তিনি। একইসঙ্গে প্রিজন ভ্যানে অন্যদের সঙ্গে গান গাইতেও দেখা যায় তাঁকে। তাঁর গাওয়া ‘আঁখো মে ভর লো পানি’ গানটি ঘিরেও আলোচনা শুরু হয়।

শনিবার সকাল থেকেই দিল্লিতে ভোটার তালিকা সংক্রান্ত আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের তৎপরতা বাড়ে। এরই মধ্যে সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনের সামনে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম এবং সাকেত গোখেল।

কিছুক্ষণের মধ্যেই ধরনাস্থলে পৌঁছন দিল্লি পুলিশের আধিকারিকেরা। তাঁরা ধরনা প্রত্যাহারের অনুরোধ জানালেও মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজি হননি। পরে পুলিশ তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা তৃণমূল নেতাদের আটক করে।

ভোটচুরির অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনাকে ঘিরে রাজধানীর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে পুলিশের পদক্ষেপ এবং নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্যের ভিত্তিতেই ঘটনার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More