সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবার মহাকাশেই বিশাল ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা করেছেন মার্কিন শিল্পপতি ইলন মাস্ক। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তাঁর সংস্থা স্পেসএক্সকে সর্বোচ্চ ১০ লক্ষ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দিয়েছে আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)। বুধবার দেওয়া এই অনুমোদন প্রযুক্তির জগতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে প্রকল্পের বাস্তবায়ন নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বিজ্ঞানী ও মহাকাশ বিশেষজ্ঞরা।
স্পেসএক্সের এই উচ্চাভিলাষী প্রকল্পের নাম ‘স্টারমাইন্ড’। পরিকল্পনা অনুযায়ী, পৃথিবীর নিম্ন কক্ষপথে বিপুল সংখ্যক স্যাটেলাইট স্থাপন করা হবে। প্রতিটি স্যাটেলাইটে থাকবে অত্যাধুনিক কম্পিউটিং ব্যবস্থা। পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সেগুলি বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করে পৃথিবীতে পাঠাবে। যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে স্পেসএক্সের বিদ্যমান স্টারলিঙ্ক নেটওয়ার্কও ব্যবহার করা হবে।
বর্তমানে এআই প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে ডেটা সেন্টারগুলিতে বিদ্যুতের চাহিদা ক্রমশ বাড়ছে। পাশাপাশি সার্ভার ঠান্ডা রাখতে বিপুল পরিমাণ জল ও বিশেষ শীতলীকরণ ব্যবস্থার প্রয়োজন হচ্ছে। স্পেসএক্সের যুক্তি, মহাকাশে দীর্ঘ সময় সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। এর ফলে পরিচালন ব্যয় কমার পাশাপাশি পৃথিবীর প্রাকৃতিক সম্পদের উপর চাপও হ্রাস পেতে পারে।
প্রকল্পে অত্যাধুনিক প্রসেসর ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার নতুন প্রজন্মের ‘ভেরা রুবিন’ প্রসেসর ব্যবহার করবে স্পেসএক্স। ২০২৭ সালের শেষদিকে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ এবং ২০২৮ সাল থেকে প্রকল্পের সম্প্রসারণের লক্ষ্যমাত্রা রয়েছে।
তবে একসঙ্গে ১০ লক্ষ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে না। নিয়ন্ত্রক সংস্থার শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে অন্তত একটি মহাকাশ স্টেশন স্থাপন করতে হবে। ২০৩৫ সালের মধ্যে এক লক্ষ এবং ২০৩৮ সালের মধ্যে অনুমোদিত সংখ্যার অর্ধেক স্যাটেলাইট স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুমোদনের মেয়াদ ২০৪০ সাল পর্যন্ত।
অন্যদিকে, এই বিপুল সংখ্যক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা ঘিরে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর ফলে কক্ষপথে স্যাটেলাইটের সংঘর্ষ এবং মহাকাশে বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তীব্র বিকিরণ, চরম তাপমাত্রা এবং প্রসেসরের অতিরিক্ত তাপ অপসারণও বড় চ্যালেঞ্জ। পাশাপাশি বিপুল সংখ্যক উজ্জ্বল স্যাটেলাইটের কারণে জ্যোতির্বিজ্ঞানীদের মহাকাশ পর্যবেক্ষণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-সহ একাধিক সংস্থা প্রকল্পটি নিয়ে আপত্তি জানিয়েছে।
মহাকাশভিত্তিক ডেটা সেন্টার তৈরির প্রতিযোগিতায় শুধু স্পেসএক্স নয়, গুগল, ব্লু অরিজিন এবং স্টারক্লাউডের মতো সংস্থাও রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামো গড়ে তোলার প্রতিযোগিতা পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশেও বিস্তৃত হতে পারে। তবে প্রযুক্তিগত সক্ষমতা, অর্থনৈতিক লাভ এবং মহাকাশের পরিবেশগত নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
No Comment! Be the first one.