সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : দেশের পরিকাঠামো, বন্দর ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অসমের শিলচরে নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ, কামারাজার বন্দরে দ্বিতীয় কন্টেইনার টার্মিনাল তৈরি এবং ডাক পরিষেবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল—
শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দর: অসমের শিলচরের ডলুতে নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পে আনুমানিক ২,০১৪ কোটি টাকা ব্যয় হবে। নতুন বিমানবন্দর নির্মাণের ফলে বরাক উপত্যকা-সহ উত্তর-পূর্ব ভারতের আকাশপথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
কামারাজার বন্দরে দ্বিতীয় কন্টেইনার টার্মিনাল: কামারাজার পোর্ট লিমিটেডে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে দ্বিতীয় কন্টেইনার টার্মিনাল নির্মাণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। নকশা তৈরি, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও হস্তান্তর পদ্ধতিতে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এর ফলে দেশের পণ্য পরিবহণ ও বন্দর পরিকাঠামোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
ডাক পরিষেবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি: ষোড়শ অর্থ কমিশনের মেয়াদকালে অর্থাৎ ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত ‘পোস্টাল অপারেশনস স্কিম’ চালু রাখার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের জন্য মোট ১,১৪১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মাধ্যমে দেশের ডাক পরিষেবার আধুনিকীকরণের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
No Comment! Be the first one.