ডিসেম্বরে উৎপাদন টাটার সেমিকন্ডাক্টর কারখানায়, বদলাবে মধ্য অসমের অর্থনীতি: হিমন্ত

সকাল সকাল ডেস্ক

হাফলং (অসম) : শিল্প মানচিত্রে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে মধ্য অসমে। জাগিরোডে টাটা গোষ্ঠীর সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং কারখানায় আগামী ডিসেম্বর থেকেই উৎপাদন শুরু হবে বলে জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর দাবি, এই প্রকল্পকে ঘিরে মধ্য অসমের অর্থনীতিতে বড়সড় পরিবর্তন আসবে। তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, পাশাপাশি গড়ে উঠবে একাধিক সহায়ক শিল্প ও ব্যবসা।

শুক্রবার জাগিরোডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, জাগিরোডের সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রটি ডিসেম্বর মাসে উৎপাদনে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছে। কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন বলেও জানান তিনি।

এ দিন জাগিরোডে নির্বাচনী প্রচারসভাতেও টাটার এই প্রকল্পের প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তাঁর কথায়, সেমিকন্ডাক্টর কারখানাটি শুধু একটি শিল্পপ্রকল্প নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা অঞ্চলের অর্থনৈতিক ভবিষ্যৎ। বৃহৎ এই প্রকল্পকে কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ বাড়বে। সেই সঙ্গে ছোট-বড় সহায়ক শিল্প, সরবরাহ ব্যবস্থা এবং বিভিন্ন পরিষেবা খাতেও নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হবে।

মুখ্যমন্ত্রীর মতে, জাগিরোডে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশের প্রভাব জাগিরোডের গণ্ডি পেরিয়ে মধ্য অসমের বিস্তীর্ণ অঞ্চলে পড়বে। শিল্প ও কর্মসংস্থানের প্রসারের ফলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতি পাবে বলেও তিনি দাবি করেন।

এ দিকে, নির্বাচনী প্রচারসভা থেকে নাগাঁও আসন নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তাঁর দল ওই আসনে বড় ব্যবধানে জয়ী হবে।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More