সকাল সকাল ডেস্ক
কলকাতা : বৃহস্পতিবার রাতে ৮টা ৩৮ মিনিটে চার্টার্ড বিমানে কলকাতায় এসে পৌঁছল ব্রাজিল ফুটবল দল। আন্সেলোত্তি ব্রিগেড নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাসে সরাসরি বাইপাসের ধারের একটি হোটেলে চলে যায়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল শহরে পা রাখতেই শনিবারের বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা আরও বেড়ে গিয়েছে।
শনিবার ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে মাঠে নামবেন ব্রাজিলের তারকারা। দলে ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজের মতো একাধিক তারকা থাকলেও চোটের কারণে কলকাতায় আসতে পারেননি রাফিনহা।

শুক্রবার বিকেল ৪টা নাগাদ অনুশীলনে নামার কথা রয়েছে ভিনিসিয়াস জুনিয়রদের। তার আগে দলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় ব্রাজিল ও উরুগুয়ে দলের প্রতিনিধিদের রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজিত সান্ধ্যভোজে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রাজিল ও উরুগুয়ে দলের প্রতিনিধিদের পাশাপাশি ভারতীয় দলের প্রতিনিধিরাও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
শনিবারের ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই কলকাতায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। ব্রাজিলের বিশ্বখ্যাত তারকাদের সামনে ভারতীয় দলের পারফরম্যান্স দেখার অপেক্ষায় এখন গোটা শহর।
No Comment! Be the first one.