সকাল সকাল ডেস্ক
বজবজ, ২৯ সেপ্টেম্বর : পলাতক অভিযুক্ত সাহারুল পুরকায়েতের সন্ধানে দক্ষিণ ২৪ পরগনার বজবজে একাধিক জায়গায় অভিযান চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার ভোরে বলরামপুর চাকাতলার শেখপাড়ায় সাহারুলের শ্বশুরবাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। একইসঙ্গে ডায়মন্ড হারবারের রঘুনাথপুরে তাঁর ননদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টা নাগাদ সাহারুলের শ্বশুরবাড়িতে পৌঁছন এনআইএ আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল বজবজ থানার পুলিশ। তদন্তকারী দল বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজখবর চালালেও সেই সময় বাড়িতে ছিলেন না সাহারুল। তাঁকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাড়িতে তল্লাশি চালানো হয়।
এর আগে গভীর রাতে বজবজ থানার মিঠাপুকুর এলাকায় অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ জুম্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনআইএ-র একটি দল। পরে বজবজ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যায় তদন্তকারী সংস্থা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সাহারুল স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। সাহারুলের স্ত্রীর দাবি, এর আগেও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। তবে এবারের এনআইএ অভিযানের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাঁদের কাছে কোনও স্পষ্ট তথ্য নেই বলে পরিবারের দাবি।
অন্যদিকে, সাহারুলের সন্ধানে তাঁর শ্বশুরবাড়ির পাশাপাশি রঘুনাথপুরে ননদের বাড়িতেও খোঁজ নেওয়ার খবর সামনে এসেছে। অভিযানের পরেও সাহারুলের শ্বশুরবাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে। একের পর এক অভিযানের ঘটনায় বজবজ এলাকায় বাড়তি নজরদারি ও কৌতূহল তৈরি হয়েছে।
No Comment! Be the first one.