দিল্লিতে বারাপুল্লা ফেজ-৩ এলিভেটেড করিডোরের উদ্বোধন অমিত শাহের

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির যানজট কমাতে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজধানীতে বারাপুল্লা এলিভেটেড করিডোর ফেজ-৩ এবং মুকারবা চক আন্ডারপাসের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি মোদী মিল ফ্লাইওভারকে কালকাজী পর্যন্ত সম্প্রসারণ এবং সাবিত্রী সিনেমার কাছে নতুন একটি ফ্লাইওভার নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বারাপুল্লা ফেজ-৩-এর এলিভেটেড করিডোরটি ময়ূর বিহার ফেজ-১ থেকে সরাই কালে খাঁ পর্যন্ত সংযোগ স্থাপন করবে। এর ফলে পূর্ব দিল্লি থেকে দক্ষিণ দিল্লি এবং এইমসের দিকে যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি সম্পূর্ণ সিগন্যালমুক্ত।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ময়ূর বিহার ও নয়ডার দিক থেকে সরাই কালে খাঁ হয়ে দক্ষিণ দিল্লি এবং এইমসের দিকে যেতে প্রায় ৩৫ থেকে ৪৫ মিনিট সময় লাগে। বারাপুল্লা ফেজ-৩ চালু হওয়ার পর এই যাত্রার সময় কমে প্রায় ১৫ মিনিট হতে পারে বলে আশা করা হচ্ছে। করিডোরটিতে আটটি র‌্যাম্পের পাশাপাশি সাইকেল চলাচলের জন্য পৃথক ব্যবস্থা এবং পথচারীদের জন্যও বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।

অন্যদিকে, মুকারবা চক আন্ডারপাসটি মোট তিনটি আন্ডারপাস নিয়ে গঠিত। আউটার রিং রোড এবং জাতীয় সড়ক ৪৪-এর মধ্যে যান চলাচল আরও মসৃণ করতেই এই পরিকাঠামো তৈরি করা হয়েছে। আন্ডারপাসটি চালু হওয়ার ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সংযোগস্থলে যানজট অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা পূর্বতন আম আদমি পার্টি সরকারকে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে একাধিক উন্নয়নমূলক প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে ছিল। বিজেপি সরকার সেই সমস্ত অসম্পূর্ণ প্রকল্প দ্রুত শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

Read More News

Read More