সকাল সকাল ডেস্ক
কিনশাসা: আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলের বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৯ জন মেয়ে এবং ৮ জন ছেলে। আগুনে ৩০০টিরও বেশি বাড়ি এবং দুটি স্কুল পুড়ে ছাই হয়ে গিয়েছে। সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাভু বর্তমানে রুয়ান্ডার সেনাবাহিনী ও তাদের এম২৩ মিলিশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সরকারি সংবাদ সংস্থা ‘এজেন্স কঙ্গোলেজ দ্য প্রেস’ (এসিপি)-এর ১০ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এসিপি জানিয়েছে, হাসপাতাল ও স্কুল সূত্রে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে আরও ২৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জন কাদুতু জেনারেল হাসপাতালে এবং ১২ জন কাদুতু প্রভিন্সিয়াল জেনারেল রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্কুল সূত্রের দাবি, আগুনে ৩০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগিরা কমিউনের ইপি মোসালা এবং কাদুতু কমিউনের ইপি নোঙ্গো—এই দুটি স্কুলও অগ্নিকাণ্ডের কবলে পড়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন কাশেকে, লুগুলু এবং এলিলা—এই তিনটি সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, গত এক মাসের মধ্যে বুকাভুতে অন্তত ১৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তাতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার মুখে ঘরবাড়ি হারানো পরিবারগুলি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ক্ষতিগ্রস্তরা সরকারের কাছে দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছেন।
No Comment! Be the first one.