সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেইসাস। বৈঠকে ভারতের স্বাস্থ্য খাতে সাম্প্রতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন তিনি। বিশেষ করে মাতৃ ও শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণে ভারতের সাফল্যকে তিনি উল্লেখযোগ্য বলে অভিহিত করেন।
বৈঠকের পর সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ড. টেড্রোস জানান, ভারতের প্রায় ১.৬০ লক্ষ ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’-এর মাধ্যমে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কয়েক ধরনের সাধারণ ক্যানসারের স্ক্রিনিং এখন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য রেফারেল ব্যবস্থাও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, ভারতের ‘আশা’ কর্মীরা স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশ্বের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। টিকাকরণ কর্মসূচির বিস্তার এবং প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৭৮ শতাংশ থেকে বেড়ে ৯৩ শতাংশে পৌঁছানোয় মাতৃ ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও মন্তব্য করেন তিনি।
ড. টেড্রোস জানান, বৈঠকে যক্ষ্মা নির্মূলে ভারতের উদ্যোগ, চিকিৎসা-সামগ্রীর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রচেষ্টা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ভারতের চলমান সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে চিরাচরিত চিকিৎসা পদ্ধতির প্রসার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী চুক্তির আওতায় ‘প্যাথোজেন অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং’ ব্যবস্থা সম্পর্কেও মতবিনিময় হয়েছে।
স্বাস্থ্য ক্ষেত্রে ভারতের ধারাবাহিক অগ্রগতি এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতায় দেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করে হু প্রধান আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ভারত বৈশ্বিক জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে।
No Comment! Be the first one.