সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়ার গল্ফ কোর্সের বাইরে থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহারযোগ্য গোলাবারুদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে তৎপরতা বেড়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ দফতর মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবের বাইরে রবিবার এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়। ফেডারেল তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি ক্লাব চত্বরে ঘোরাফেরা করছিল।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিস খতিয়ে দেখছে ওই ব্যক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কোনও সম্ভাব্য নিরাপত্তা হুমকি ছিলেন কি না। সন্দেহভাজনকে গ্রেফতারের ঘোষণা যখন করা হয়, তখন ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে ক্যালিফোর্নিয়ার উদ্দেশে রওনা ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় র্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত তাঁর গল্ফ কোর্সে রিপাবলিকান ন্যাশনাল কমিটির এক নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধৃতের নাম জিনিন জন ট্যালে (৩৮)। তিনি ক্যালিফোর্নিয়ার ডাউনি এলাকার বাসিন্দা। এল সেগুন্ডো এলাকায় ডাকাতির একটি পুরনো মামলায়ও তাঁর নাম রয়েছে। শেরিফ দফতরের দাবি, ট্যালে গল্ফ কোর্সের ছবি ও ভিডিও তুলছিলেন এবং নিরাপত্তা ব্যবস্থার উপর নজরদারি করছেন বলে সন্দেহ হয়। পরে তাঁকে গোপনে অস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দফতর জানিয়েছে, মঙ্গলবার আদালতে ট্যালে তাঁর বিরুদ্ধে আনা চারটি অভিযোগ অস্বীকার করেছেন। এর মধ্যে ২০২৫ সালের নভেম্বর মাসের একটি ডাকাতির অভিযোগ এবং ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবের বাইরে গ্রেফতারের পর দায়ের হওয়া অস্ত্র সংক্রান্ত তিনটি অভিযোগ রয়েছে।
শেরিফ দফতর জানিয়েছে, এফবিআই-এর যৌথ সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্সের সদস্যরা সোমবার ট্যালের বাড়িতে তল্লাশি চালান। সেখানে একটি নোটবুক উদ্ধার হয়েছে। ওই নোটবুকে এআর-ধরনের রাইফেল, .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, গোলাবারুদ এবং রেডিও সিগন্যাল ডিভাইসসহ বিভিন্ন সামগ্রীর উল্লেখ পাওয়া গেছে। তদন্তকারীরা এই তথ্যগুলির গুরুত্ব খতিয়ে দেখছেন।
No Comment! Be the first one.