ফুচকার জলেই জীবাণুর আঁতুড়ঘর! স্বাস্থ্য পরীক্ষায় উদ্বেগজনক রিপোর্ট, সতর্ক প্রশাসন

সকাল সকাল ডেস্ক।

আরামবাগ : মুখরোচক ফুচকা—রাস্তার ধারের এই জনপ্রিয় খাবারটি প্রতিদিন অসংখ্য মানুষ, বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী এবং মহিলারা নিশ্চিন্তে খেয়ে থাকেন। কিন্তু সেই ফুচকার জলই যদি অদৃশ্য জীবাণুর আঁতুড়ঘর হয়ে ওঠে? সাম্প্রতিক এক পরীক্ষার রিপোর্ট সেই আশঙ্কাকেই সামনে এনে জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

জনস্বার্থে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে ব্লক স্বাস্থ্য দফতরের মাধ্যমে ফুচকার জলের একাধিক নমুনা সংগ্রহ করে পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, নমুনাগুলিতে ই-কোলাই এবং কোলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। এছাড়াও মোট ব্যাকটেরিয়ার পরিমাণ নিরাপদ মাত্রার তুলনায় অনেক বেশি পাওয়া গিয়েছে। সেই কারণে পরীক্ষাগার সংশ্লিষ্ট নমুনাগুলিকে ‘অনিরাপদ’ বলে ঘোষণা করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ই-কোলাই এবং কোলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি সাধারণত দূষিত জল বা অস্বাস্থ্যকর পরিবেশের ইঙ্গিত বহন করে। এই ধরনের জল দিয়ে তৈরি খাবার গ্রহণ করলে ডায়রিয়া, বমি, তীব্র পেটের সংক্রমণ, জ্বর সহ বিভিন্ন জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। শিশু, প্রবীণ ব্যক্তি এবং যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

রিপোর্ট প্রকাশের পর সংশ্লিষ্ট ফুচকা বিক্রেতাদের শুধুমাত্র মিনারেল জল ব্যবহার করে ফুচকার জল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের সামনাসামনি হয়ে বিধায়ক সুশান্ত ঘোষ বলেন স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য সুরক্ষা ও মান সংক্রান্ত নিয়মাবলি অনুসরণ করে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জনস্বাস্থ্যের স্বার্থে বিশেষজ্ঞদের পরামর্শ, রাস্তার ধারের খাবার কেনার আগে তার পরিচ্ছন্নতা এবং ব্যবহৃত জলের মান সম্পর্কে যতটা সম্ভব নিশ্চিত হওয়া উচিত। সামান্য অসতর্কতাই বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই সুস্থ ও নিরাপদ থাকতে স্বাস্থ্যসম্মত খাবার বেছে নেওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া আজ সময়ের দাবি।

Read More News

শ্রাবণী মেলা উপলক্ষে কড়া নিরাপত্তা, বৈদ্যনাথধাম-বাসুকীনাথে মোতায়েন হবে ১৪ হাজারের বেশি নিরাপত্তাকর্মী

সকাল সকাল ডেস্ক রাঁচি, ১৭ জুলাই: বিশ্ববিখ্যাত বাবা বৈদ্যনাথধাম (দেওঘর) ও বাবা বাসুকীনাথধামে...

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে পুনর্নির্মিত পিস্কা ও মুরি রেলস্টেশনের সূচনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭৫টি পুনর্নির্মিত রেলস্টেশনের...

Read More