সকাল সকাল ডেস্ক
কাঠমান্ডু: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা-সহ চিনের দুই মহিলাকে গ্রেফতার করলো পুলিশ । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন চিনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা বছর ৪৫ এর লিন লিনা এবং অপরজন বছর ৩৫ এর লিন জিনপিং। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ২ কিলো ৩৪৮ গ্রাম । ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তা কার্যালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে , মঙ্গলবার রাতে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হংকং থেকে কাঠমান্ডুতে পৌঁছান ওই দুই মহিলা। কাস্টমস এলাকা পার হয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ধৃত ওই দুই মহিলার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা আধিকারিকরা তল্লাশি চালায়। তল্লাশির পর শরীরের গোপনাঙ্গ এবং অন্তর্বাসের ভেতরে ২ কিলোগ্রামেরও বেশি সোনা উদ্ধার হয়। ধৃতদের কাছ থেকে জানা যায় , তারা লুকিয়ে হংকং থেকে কাঠমান্ডুতে চোরাই সোনা নিয়ে এসেছিল।
ওই দুই মহিলাকে হেফাজতে নিয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মঙ্গলবারই তাদের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
No Comment! Be the first one.