সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : দেশের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন নির্মাতা সংস্থা টাটা মোটরস তাদের কমার্শিয়াল ভেহিকেলের দাম বাড়ানোর ঘোষণা করেছে। আগামী ১ জুলাই থেকে নতুন মূল্য কার্যকর হবে।
সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, মূল্যবৃদ্ধি তাদের সমস্ত বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে বিভিন্ন মডেল ও সংস্করণের ভিত্তিতে মূল্যবৃদ্ধির হার ভিন্ন হতে পারে। টাটা মোটরসের মতে, কাঁচামালের ক্রমবর্ধমান দাম এবং অন্যান্য উৎপাদন ব্যয়ের চাপ আংশিকভাবে সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সংস্থাটি যাত্রীবাহী গাড়ির দাম বৃদ্ধির ঘোষণাও করেছিল। টাটা মোটরসের পেট্রোল, ডিজেল ও বৈদ্যুতিক গাড়ির দামও আগামী ১ জুলাই থেকে বাড়বে। সংস্থার তরফে জানানো হয়েছিল, এসব গাড়ির মূল্য সর্বোচ্চ ১.৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।
উল্লেখ্য, টাটা মোটরস দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারী সংস্থা। একসময় সংস্থাটির নাম ছিল টেলকো (TELCO)। এটি টাটা গোষ্ঠীর অন্যতম প্রধান সংস্থা। ভারতের জামশেদপুর, পুনে ও লখনউ-সহ দেশের বিভিন্ন শহরে সংস্থাটির উৎপাদন কেন্দ্র রয়েছে।
No Comment! Be the first one.