সকাল সকাল ডেস্ক
তেহরান: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনেইয়ের স্বাস্থ্য ও অবস্থান নিয়ে জল্পনার মধ্যেই তাঁর সঙ্গে বৈঠক করলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার সর্বোচ্চ নেতার কার্যালয় এই বৈঠকের কথা জানিয়েছে।
বিবৃতি অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের মেয়াদের তৃতীয় বছর শুরু উপলক্ষে এই বৈঠক হয়। দুই নেতা দেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে সামরিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকের সঠিক সময় ও স্থান প্রকাশ করা হয়নি।
সম্প্রতি মোজতবা খামেনেইকে প্রকাশ্যে খুব একটা দেখা না যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। গত সপ্তাহে পেজেশকিয়ানও জানিয়েছিলেন, সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করা বর্তমানে ‘খুবই কঠিন’ হয়ে পড়েছে।
কিছু সূত্রের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় মোজতবা আহত হয়েছিলেন। ওই হামলায় ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছিল বলেও দাবি করা হয়েছে।
এদিকে ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম’ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের এক জেনারেলকে উদ্ধৃত করে জানিয়েছে, সর্বোচ্চ নেতার বিভিন্ন বৈঠক ও জনসাক্ষাতের ছবি ভবিষ্যতে প্রকাশ করা হবে। তবে তার কোনও নির্দিষ্ট সময় জানানো হয়নি।
No Comment! Be the first one.