সকাল সকাল ডেস্ক
বার্লিন: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাবের জেরে বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলির কর্মসংস্থান কাঠামোয় বড় পরিবর্তন আসছে। এবার কর্মীসংখ্যা কমানোর পথে হাঁটতে চলেছে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি সংস্থা এসএপি (SAP)। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রায় ১০ হাজার কর্মীর পদ কমানোর পরিকল্পনা করছে জার্মান সফটওয়্যার সংস্থাটি।
তিন বছরেরও কম সময়ের ব্যবধানে ফের বড় ধরনের পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছে এসএপি। সরাসরি কর্মী ছাঁটাই, স্বাভাবিক অবসর, স্বেচ্ছায় চাকরি ছাড়া এবং স্বেচ্ছাবসর প্রকল্পের মাধ্যমে কর্মীসংখ্যা কমানো হতে পারে। তবে সংস্থার কোন কোন বিভাগে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বিশ্বজুড়ে এসএপি-র এক লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। বিশ্বের অন্যতম বৃহৎ এন্টারপ্রাইজ সফটওয়্যার নির্মাতা এই সংস্থার প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আর্থিক ব্যবস্থাপনা, সরবরাহ শৃঙ্খল, মানবসম্পদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় বাড়ছে বিনিয়োগ
গত দুই বছরে এআই-নির্ভর সফটওয়্যারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উৎপাদনশীলতা বাড়ানো, পরিচালন ব্যয় কমানো এবং বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াচ্ছে প্রযুক্তি সংস্থাগুলি। এসএপি-ও তাদের বিভিন্ন সফটওয়্যারে এআই-নির্ভর সুবিধা যুক্ত করছে। পাশাপাশি ক্লাউড পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ এবং এআই-সংক্রান্ত প্রকল্পে অতিরিক্ত অর্থ ও সম্পদ বিনিয়োগের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আগেও পুনর্গঠনের পথে হেঁটেছে সংস্থা
২০২৪ সালের শুরুতেই প্রায় আট হাজার কর্মীর পদকে প্রভাবিত করতে পারে, এমন একটি পুনর্গঠন কর্মসূচির ঘোষণা করেছিল এসএপি। সে সময় ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি। তবে কর্মীসংখ্যা কমানোর পাশাপাশি সম্ভাবনাময় প্রযুক্তি ক্ষেত্রে নতুন নিয়োগও অব্যাহত রেখেছে এসএপি। ফলে কিছু কর্মীকে নতুন বিভাগে স্থানান্তর করার সম্ভাবনাও রয়েছে।
কর্পোরেট গভর্ন্যান্স বিশেষজ্ঞ কৃষ্ণ আইয়ার এনডিটিভিকে জানিয়েছেন, বিভিন্ন প্রযুক্তি সংস্থা বর্তমানে এআই পরিকাঠামো, সফটওয়্যার এবং দক্ষ কর্মী নিয়োগে বিপুল অর্থ বিনিয়োগ করছে। একই সঙ্গে পুনরাবৃত্তিমূলক কাজের সঙ্গে যুক্ত এবং ভবিষ্যৎ ব্যবসায়িক প্রবৃদ্ধির ক্ষেত্রে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত পদগুলি কমানোর পথে হাঁটছে সংস্থাগুলি।
বিশেষজ্ঞদের মতে, এসএপি-র এই পরিকল্পনা বিশ্ব প্রযুক্তি শিল্পের পরিবর্তনশীল কর্মসংস্থান পরিস্থিতিরই প্রতিফলন। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, অন্যদিকে প্রচলিত বহু পেশায় চাকরির নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রযুক্তি কর্মীদের নতুন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তাও ক্রমশ বাড়ছে।
No Comment! Be the first one.