ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোই সমস্যার একমাত্র সমাধান: ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ

সকাল সকাল ডেস্ক

তেল আবিব। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ বলেছেন, ইজরায়েল এখনও ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোতে চায়। তাঁর দাবি, ওই এলাকা থেকে ফিলিস্তিনিদের সরানো ছাড়া গাজা সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়। ইজরায়েল এখনও এই লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত শুধু এই পরিকল্পনাটি স্থগিত রেখেছেন। মানবাধিকার কর্মীরা এই পরিকল্পনাকে ‘এথনিক ক্লিনজিং’ বা কোনও নির্দিষ্ট জাতিগোষ্ঠী কিংবা সম্প্রদায়ের মানুষকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার পদক্ষেপ হিসেবে দেখছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার ইজরায়েলের সংবাদমাধ্যম ‘ওয়াই নেট’-এর একটি সম্মেলনে গাজা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন কাটজ। তিনি বলেন, “ফিলিস্তিনিরা গাজা থেকে সরে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে।”

কাটজের দাবি, ট্রাম্প তাঁর প্রথম মেয়াদের শুরুতেই ইজরায়েলের এই ভাবনার প্রতি সমর্থন জানিয়েছিলেন। এমনকি একসময় ট্রাম্প বলেছিলেন, ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পর আমেরিকা ওই এলাকার নিয়ন্ত্রণ নেবে এবং সেই ভূখণ্ডের মালিক হবে।

কাটজ বলেন, ইজরায়েল গাজার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত। তবে মিশর ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করতে অস্বীকার করছে।

তাঁর বক্তব্য, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করতে ইচ্ছুক অন্য দেশগুলির মার্কিন সমর্থন প্রয়োজন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন এই প্রস্তাব পুরোপুরি পরিত্যাগ করেনি।

কাটজ বলেন, “এই মুহূর্তে ট্রাম্প পরিকল্পনাটি বাতিল করেননি, তিনি শুধু স্থগিত রেখেছেন।” তাঁর দাবি, বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। কাটজের মতে, এই পরিকল্পনা সকলের জন্যই ভালো হবে এবং তা বাস্তবায়নের জন্য আমেরিকার সহযোগিতা প্রয়োজন হবে।

উল্লেখ্য, গত তিন বছরে আমেরিকা ইজরায়েলকে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চেও ইজরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে গাজায় সংঘটিত কর্মকাণ্ডের তদন্তের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনাও রয়েছে।

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More