সকাল সকাল ডেস্ক
কাঠমান্ডু, ১৩ সেপ্টেম্বর। নেপালে ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভোটেকোশী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে স্থায়ী বাসস্থান নির্মাণ না হওয়া পর্যন্ত বাড়িভাড়া ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যোগাযোগমন্ত্রী বিক্রম তিমিলসিনা জানিয়েছেন, চার সদস্য পর্যন্ত একটি পরিবারকে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া পরিবারের সদস্যসংখ্যা চারজনের বেশি হলে অতিরিক্ত প্রত্যেক সদস্যের জন্য আরও ২ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোনও পরিবার যদি এই আর্থিক সহায়তা নিতে না চায়, তাহলে তাদের জন্য বিকল্প ব্যবস্থাও রেখেছে সরকার। সেক্ষেত্রে স্থায়ী বাসস্থান তৈরি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পরিবারের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী তিমিলসিনা সমাজমাধ্যমে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলির প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সমস্ত স্থানীয় প্রশাসনিক স্তরে ফর্ম পাঠানো হয়েছে। বন্যায় প্রাথমিক ক্ষয়ক্ষতির মূল্যায়নের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার বিস্তারিত চাহিদা নিরূপণের কাজ এখনও চলছে।
এই মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা করে পুনর্গঠন ও পুনর্বাসনের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে নেপাল সরকার।
No Comment! Be the first one.