বেলডাঙ্গায় আক্রান্ত সংবাদকর্মীদের দেখতে হাসপাতালে অধীর চৌধুরী, ঘটনার তীব্র নিন্দা
সকাল সকাল ডেস্কবহরমপুর : বেলডাঙ্গায় উত্তপ্ত পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হওয়া দুই সংবাদকর্মী, সোমা মাইতি ও রঞ্জিত মাহাতোর শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার সকালে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে যান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। গুরুতর জখম অবস্থায় বর্তমানে দু’জনেই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার বেলডাঙ্গায় অশান্ত পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে উন্মত্ত জনতার মুখে পড়েন একটি বেসরকারি নিউজ চ্যানেলের প্রতিনিধি সোমা মাইতি ও চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে হামলা চালানো হয়। মারধরের পাশাপাশি ভেঙে দেওয়া হয় ক্যামেরা ও অন্যান্য সংবাদ সংগ্রহের সরঞ্জাম। ঘটনার পর দ্রুত তাঁদের উদ্ধার করে বহরমপুরে হাসপাতালে ভর্তি করা হয়।শনিবার হাসপাতালে গিয়ে অধীর চৌধুরী আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। এরপর হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। অধীর চৌধুরী বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই ধরনের হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সত্য খবর পরিবেশন করতে গিয়েই যদি সাংবাদিকদের আক্রান্ত হতে হয়, তবে গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। পুলিশ প্রশাসন কেন সংবাদকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হল, সরকারকে জবাব দিতে হবে।”এই ঘটনার পর রাজ্যজুড়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিও উঠেছে।
আধুনিক হওয়ার পাশাপাশি আত্মনির্ভরও হচ্ছে ভারতীয় রেল : প্রধানমন্ত্রী
Indian Railways is becoming modern as well as self-reliant: Prime Minister
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে মালদায় বাড়ি বাড়ি আমন্ত্রণ বিজেপির
সকাল সকাল ডেস্ক মালদা : শাসক দল তৃণমূল কংগ্রেস যখন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত, ঠিক তখনই পাল্টা রাজনৈতিক তৎপরতায় নেমেছে বিজেপি। আগামী ১৭ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে চলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে সফল করতে জনসাধারণের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার মালদা বিধানসভা এলাকায় ব্যাপক প্রচার চালানো হয়। বিজেপির মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা, রাজ্য বিজেপির ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি অজিত দাস-সহ দলের একাধিক নেতা ও কর্মী পুরাতন মালদার সাহাপুর শিব মন্দির সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে প্রধানমন্ত্রীর জনসভার আমন্ত্রণপত্র তুলে দেন।বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর এই জনসভা রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সভায় অংশ নেবেন বলেই তাঁদের আশা। এদিন প্রচারের সময় বিজেপি নেতারা কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক কাজের কথাও মানুষের সামনে তুলে ধরেন।
আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির হানার জেরে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, সিপি
সকাল সকাল ডেস্ক কলকাতা : তৃণমূলের পরামর্শদাতা ‘আইপ্যাক’-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার ইডি-র হানা দেওয়ার কিছু সময়ের পরই ঘটনাস্থলে তড়িঘড়ি হাজির হন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। কয়লাকাণ্ডে রাজ্যে দুরন্ত অভিযান ইডি-র। এদিন সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা ইডির। পাশাপাশি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। পোস্তায় এক ব্যাবসায়ীর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় তল্লাশি চালাচ্ছে ইডির টিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনের বাড়ির পর সল্টলেকের আইপ্যাকের অফিসেও পৌছে যান মুখ্যমন্ত্রী। সকাল থেকে দীর্ঘ সময় ধরে চলে কয়লা কাণ্ডে ইডির তল্লাশি।
গঙ্গাসাগরে মেলায় আগত পূণ্যার্থীদের জন্য ১,৫০০ সাঁতারু ও স্বেচ্ছাসেবক
সকাল সকাল ডেস্ক কলকাতা : গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেজে উঠেছে সাগরতট। ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগেও প্রস্তুতি চলছে। বালিগঞ্জে সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। প্রধান সম্পাদক বিশ্বাত্মানন্দ মহারাজ এই প্রসঙ্গে বলেন, প্রায় ১,৫০০ হাজারের বেশি প্রশিক্ষণ প্রাপ্ত সাঁতারু সমেত স্বেচ্ছাসেবক মজুত থাকছে। বয়স্ক মানুষ তথা সিনিয়র সিটিজেন বা পূণ্যার্থীদের হুইল চেয়ার সমেত সেখানে তাদের আনাগোনার কাজে সহায়তা প্রদান করবে। এছাড়াও তিনটি আ্যম্বুলেন্স হাজির মেলা প্রাঙ্গণ। সেইসঙ্গে মোট ৭ হাজার স্বেচ্ছাসেবক সদাজাগ্রত। সাড়ে তিন হাজার মানুষের রোজদিন খাবার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ৮ তারিখ থেকে মেলা পুরোদমে চলবে। মকর সংক্রান্তি উপলক্ষে এই আয়োজন। রাজ্য সরকারের তরফেও এই প্রসঙ্গে সংযোজন ৯ – ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগরে চলবে সাগরমেলা।
জন্মদিনে মমতা দিদি-কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, তৃণমূল নেত্রীর দীর্ঘায়ু কামনা মোদীর
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি ও কলকাতা : “দিদি” সম্বোধন করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল নেত্রীর দীর্ঘায়ু ও সর্বদা সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রতিবারই মমতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যথা হল না এবারও। সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদি-কে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।” রাজনৈতিক মহলের মতে, রাজনীতিতে বিভেদ সত্ত্বেও মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সৌজন্যের নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী মোদী।
শিলিগুড়িতে বিজেপিতে যোগদান ৩৫০ যুবকের
সকাল সকাল ডেস্ক শিলিগুড়ি : বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে বিজেপি দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চম্পাসারি ও ডাবগ্রাম এলাকার ৩৫০ জন যুবক ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)-তে যোগদান করেন। রবিবার রাতে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বিজেপির পতাকা তুলে দিয়ে যুবকদের দলে স্বাগত জানান। নমো যুব কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল, যেখানে নতুন সদস্যদের উৎসাহের সঙ্গে স্বাগত জানানো হয়। বিজেপি নেতারা জানিয়েছেন, নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য দল নমো যুব ওয়ারিয়র্স গঠন করেছে। এই কমিটির অধীনে যুবদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হচ্ছে। নমো ওয়ারিয়র্স কমিটির আহ্বায়ক সৌরভ সরকারের নেতৃত্বে বিপুল সংখ্যক যুবক বিজেপিতে যোগদান করেছেন। প্রদীপ ভান্ডারী বলেন, এই যুবদের অংশগ্রহণে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির মাটি আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, আগামী দিনে আরও বেশি সংখ্যক তরুণ বিজেপিতে যোগ দেবে, যার ফলে নির্বাচনী লড়াই আরও জোারদার হয়ে উঠবে।
এসআইআর শুনানির নোটিশ তৃণমূলের তারকা সাংসদ দেবকে
সকাল সকাল ডেস্ক কলকাতা : তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং অভিনেতা দেবকে বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস সাংসদ এবং তাঁর পরিবারের ৩ সদস্যকে এসআইআরের শুনানিতে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দেবের পাশাপাশি পরিবারের আরও তিন সদস্যকেও শুনানির জন্য তলব করা হয়েছে। জানা গেছে, নোটিশটি তাঁর বাসভবনে পৌঁছে দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে দেব এবং তাঁর পরিবার শুনানিতে উপস্থিত হবেন কিনা তা এখনও জানা যায়নি। নির্বাচন কমিশনের আধিকারিকদের মতে, ভোটার ফর্মের নীচের অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সম্পর্কিত তথ্য পূরণ করার কথা ছিল, তা পূরণ করা হয়নি। এই কারণেই নোটিশ জারি করা হয়েছে। একই কারণে একই বাসভবনের আরও বেশ কয়েকজনকে এসআইআর শুনানির জন্য তলব করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, সোমবার ক্রিকেটার মোহাম্মদ শামিকেও এসআইআর শুনানিতে তলব করা হয়েছিল। তবে, একটি ম্যাচের জন্য তিনি উপস্থিত থাকতে পারেননি। এদিকে, অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং লাবণী সরকার শুনানিতে উপস্থিত ছিলেন। এদিন সকালে সেখান থেকে লাবণী সরকার বেরিয়ে বলেন, ‘এ তো সরকারের কাজ। আমাদের কোনও প্রশ্নও নেই, উত্তরও নেই। তবে আমরা এসেছিলাম। শুধু দুটো পেপারে ওঁরা আমাদের সই করিয়েছেন। আগের সইয়ের সঙ্গে মিলিয়ে দেখে ছেড়ে দিয়েছেন।’
তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’র পাল্টা বিজেপির ‘চোরেদের পাঁচালি’ ট্যাবলো
সকাল সকাল ডেস্কপূর্ব মেদিনীপুর – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিগত বছরগুলির উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেন। কথা ও সুরের মাধ্যমে সাজানো সেই ট্যাবলো ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছে। রবিবার তার পাল্টা হিসেবে বিজেপির পক্ষ থেকে শুরু হল ‘চোরেদের পাঁচালি’ নামের ট্যাবলো প্রচার| যার সূচনা হয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বিজেপি। তাঁর দাবি, তৃণমূল সরকারের কথিত দুর্নীতি ও অপকর্ম সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই ‘চোরেদের পাঁচালি’। বিজেপির অভিযোগ, উন্নয়নের নামে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, প্রকৃত উন্নয়ন হয়নি। সেই ‘সত্য’ প্রকাশ করতেই এই উদ্যোগ।এদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, নন্দীগ্রামের মানুষ এই পাঁচালি মানবে না। তাদের বক্তব্য, গণতান্ত্রিকভাবেই নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে প্রত্যাখ্যান করবে। এই ট্যাবলো ঘিরে শাসক-বিরোধী তরজা শুরু হওয়ায় নন্দীগ্রামের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
চা বাগান শ্রমিকদের সঙ্গে সরাসরি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রথমবারের উদ্যোগ তৃণমূলের
সকাল সকাল ডেস্ক শিলিগুড়ি : ভোটের আগে চা বাগান শ্রমিকদের সমস্যা ও দাবিদাওয়া সরাসরি শোনার লক্ষ্যে শনিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্টির উদ্যোগে এই প্রথমবার চা বাগান শ্রমিকদের সঙ্গে এমন সরাসরি জনসংযোগমূলক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।এই বৈঠকে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে চা বাগানের শ্রমিকদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শুনবেন। শ্রমিকদের কথা আরও সুসংগঠিতভাবে তুলে ধরার জন্য একটি নির্দিষ্ট ফর্মের ব্যবস্থা করা হয়েছে। ওই ফর্মে শ্রমিকরা তাঁদের দৈনন্দিন সমস্যা, মজুরি, স্বাস্থ্য, বাসস্থান-সহ নানা বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করার সুযোগ পাবেন। সেই ফর্মের মাধ্যমেই তাঁদের বক্তব্য সরাসরি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যাবে।দলীয় সূত্রে জানানো হয়েছে, সীমিত সময়ের মধ্যে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ফর্মগুলি থেকে গুরুত্বপূর্ণ ও জরুরি সমস্যাগুলি বেছে নিয়ে যতটা সম্ভব বেশি ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করবেন। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমস্যাগুলি নিয়ে প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেওয়া হবে।চা বাগান শ্রমিকদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় এই বৈঠককে তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক মহল। ভোটের আগে এই উদ্যোগের মাধ্যমে চা বলয়ের মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে চাইছে শাসক দল।