দেশে ফিরলো কানিমোঝির নেতৃত্বাধীন প্রতিনিধি দল
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি : দেশে ফিরে এল ডিএমকে সাংসদ কানিমোঝির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। অপারেশন সিঁদুরের উপর বিশ্বব্যাপী প্রচারণার অংশ হিসেবে রাশিয়া, স্লোভেনিয়া, গ্রীস, লাতভিয়া এবং স্পেন সফর শেষে ডিএমকে সাংসদ কানিমোঝির নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদল মঙ্গলবার দেশে ফিরেছে। ডিএমকে সাংসদ কানিমোঝির নেতৃত্বে এই প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই, বিজেপি সাংসদ ক্যাপ্টেন ব্রিজেশ চৌতা (অবসরপ্রাপ্ত), এএপি সাংসদ অশোক কুমার মিত্তল, আরজেডি সাংসদ প্রেম চাঁদ গুপ্ত এবং রাষ্ট্রদূত মঞ্জীব এস পুরি।
বিহারে এনডিএ সরকার গঠন করবে, আশাবাদী শিবরাজ
সকাল সকাল ডেস্ক। পূর্ব চম্পারণ : বিহারে ২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ সরকার গঠন করবে, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ২০২৬ সালে, এনডিএ সমস্ত রেকর্ড ভেঙে সরকার গঠন করবে বিহারে। আগামী বছরই বিহারে নির্বাচন। প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, “বিহারে এনডিএ সরকার গঠন করবে। ২০২৬ সালে, এনডিএ সমস্ত রেকর্ড ভেঙে সরকার গঠন করবে।” অপারেশন সিঁদুর প্রসঙ্গে শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, “আমাদের বাহিনীর বীরত্ব এবং নেতৃত্বের কৌশলকে আমি কুর্নিশ জানাই। সমগ্র দেশ গর্বিত। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনও রাজনৈতিক দল থাকা উচিত নয়। দুর্ভাগ্যবশত, কংগ্রেস এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলছে। তাঁরা পাকিস্তানের ভাষা বলছে… রাজনৈতিক লাভের জন্য, তারা প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করার সময় দেশের বিরোধিতা শুরু করেছে… দেশের মানুষ তাদের ক্ষমা করবে না।”
রুটের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ওয়ান’ডে সিরিজ ইংল্যান্ডের
সকাল সকাল ডেস্ক। কার্ডিফ : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কিচি কার্টির সেঞ্চুরিতে ৩০৮ রান করেও ওয়েস্ট ইন্ডিজ হার এড়াতে পারলো না। জো রুটের রেকর্ডগড়া শতকের উপর ভর করে জয় পেল ইংল্যান্ড। তাতে এক ম্যাচ হাতে রেখেই রবিবার সিরিজ জিতে নিল স্বাগতিকরা। কার্ডিফে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনার জুয়েল অ্যান্ড্রু আউটের পর দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান কেসি কার্টি এবং ব্রেন্ডন কিং। দুইজন মিলে ১৪১ রানের জুটি গড়েন। কিং ৫৯ রান করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে কার্টি ১০৫ বলে ১০৩ রানে থামেন। এটি তার কেরিয়ারের তৃতীয় শতক। কার্টির বিদায়ের পর নিয়মিত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ৩০৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের সাকিব মাহমুদ ৯.৪ ওভারে মাত্র ৩৭ রানে ৩টি উইকেট নেন। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে। তবে দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়েন জো রুট ও হ্যারি ব্রুক।এই জুটিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ব্রুক ৪৭ রান করে ফিরে যাওয়ার পরেই ইংল্যান্ড তাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান জস বাটলারকেও হারায়। বাটলার কোন রান করতে পারেননি। এরপর চতুর্থ উইকেটে রুটের সাথে ৪০ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন জ্যাকব বেথেল। এরপর ১২২ বলে ১৪৩ রানের ঝড়ো জুটি গড়েন রুট ও উইল জ্যাকস। জ্যাকস ৫৮ বলে ৪৯ রান করে আউট হন। অপরদিকে সেঞ্চুরি করেন রুট। ১৩৯ বলে ১৬৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত আদিল রশিদকে নিয়ে ৭ বল বাকি থাকতেই ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন রুট। এদিকে শতক হাঁকানোর দিন ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট। ওয়ানডে ক্রিকেটে তিনিই এখন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। আর এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ইংল্যান্ড।
মণিপুরে বন্যা কবলিত জেলাগুলিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ স্কুল
সকাল সকাল ডেস্ক। ইমফল : মণিপুরে বন্যা কবলিত জেলাগুলিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালগুলির ছুটি বাড়িয়েছেন রাজ্যপাল। রাজ্যের বিভিন্ন অঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত এবং বন্যার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল অজয়কুমার ভাল্লা ইমফল পূর্ব, ইমফল পশ্চিম এবং সেনাপতি জেলার সেনাপতি মহকুমায় সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলের গ্রীষ্মকালীন ছুটির সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন রাজ্যপাল। প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে স্থানীয় পরিস্থিতি প্রতিদিন মূল্যায়ন করে তাঁদের নিজ নিজ এলাকায় বিদ্যমান স্কুল বন্ধ বা পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্পণ করেছেন রাজ্যপাল। সমন্বিত প্রতিক্রিয়া ব্যবস্থা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্তগুলি অবিলম্বে সরকারকে জানাতে হবে। এছাড়া, জোনাল শিক্ষা আধিকারিকদের তাঁদের নিজ নিজ জেলার জেলাশাসকদের সঙ্গে পরামর্শ করে সরকারের কাছে প্রতিদিনের প্রতিবেদন জমা দিতে হবে যাতে তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্কুলের কার্যক্রম সম্পর্কে আপডেট দিতে পারেন। দুর্যোগ মোকাবিলা প্রচেষ্টাকে আরও সুদৃঢ় করতে মণিপুরের শিক্ষা অধিকৰ্তা (বিদ্যালয়)-র কন্ট্রোল রুম সক্রিয় করা হয়েছে। অতিরিক্ত অধিকর্তা (উপত্যকা) এবং অতিরিক্ত অধিকর্তা (পাহাড়) যথাক্রমে উপত্যকা এবং পার্বত্য জেলাগুলির জন্য নোডাল অফিসার হিসেবে মনোনীত করেছেন রাজ্যপাল। ওই আধিকারিকরা তাঁদের এলাকায় অবস্থিত স্কুল-সম্পর্কিত জরুরি ব্যবস্থা তত্ত্বাবধান এবং সমন্বয় করবেন।
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও প্যারাগুয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে : প্রধানমন্ত্রী
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি : নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা প্যালাসিওস। সোমবার হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা প্যালাসিওস। প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা প্যালাসিওসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও প্যারাগুয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ এবং মাদক পাচারের মতো সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার অপরিসীম সম্ভাবনা রয়েছে। ভারত ও প্যারাগুয়ে গ্লোবাল সাউথের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের আশা, আকাঙ্ক্ষা এবং চ্যালেঞ্জ একই রকম, তাই আমরা একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কার্যকরভাবে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে পারি। আমরা সন্তুষ্ট যে কোভিড মহামারীর সময়, আমরা ভারতে তৈরি ভ্যাকসিন প্যারাগুয়ের জনগণের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমি নিশ্চিত যে, আপনার সফর পারস্পরিক আস্থা, বাণিজ্য এবং ঘনিষ্ঠ সহযোগিতার স্তম্ভগুলিকে নতুন শক্তি যোগাবে। এটি ভারত-ল্যাটিন আমেরিকা সম্পর্কের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে। গত বছর, আমি গায়ানায় কারিকম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিলাম, যেখানে আমরা অনেক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি। আমরা প্যারাগুয়ে এবং সমস্ত ল্যাটিন আমেরিকার দেশের সঙ্গে এই সমস্ত ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারি।” ২ জুন থেকে ৪ জুন পর্যন্ত তিন দিনের সফরে ভারতে এসেছেন প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা প্যালাসিওস। এই সফরে সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, “আপনার ভারত সফর ঐতিহাসিক। এটি প্যারাগুয়ের রাষ্ট্রপতির দ্বিতীয় ভারত সফর। আপনি কেবল দিল্লিই নয়, মুম্বইও সফর করছেন। এটি পারস্পরিক সম্পর্কের প্রতি আপনার প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রতিফলিত করে। আমি বিশ্বাস করি যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা ভাগ করে নেওয়া সমৃদ্ধির পথ প্রশস্ত করব। ডিজিটাল প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, শক্তি, কৃষি, স্বাস্থ্য, প্রতিরক্ষা, রেলপথ এবং মহাকাশের মতো ক্ষেত্রে আমাদের সহযোগিতার নতুন সুযোগ রয়েছে।”
অসমে বন্যা, মুখ্যমন্ত্রীকে পূর্ণ সহায়তার আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের
সকাল সকাল ডেস্ক। গুয়াহাটি : অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ রবিবার নিজের অফিশিয়াল সোশাল মিডিয়া এক্স-এ মুখ্যমন্ত্রী এ খবর জানিয়ে লিখেছেন, অসম বন্যা-পরিস্থিতির খোঁজ নিতে ব্যক্তিগতভাবে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জি কিছুক্ষণ আগে অসমের বন্যা পরিস্থিতির খোঁজখবর নিতে আমাকে ফোন করেছিলেন। আমি তাঁকে রাজ্য সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করেছি। তিনি চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা তাঁর উদ্বেগ এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ।’
মমতাকে তোপ অমিত শাহের, বললেন গণতন্ত্রের মধ্যে হিংসা শোভা পায় না
সকাল সকাল ডেস্ক। কলকাতা : তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত “বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন”-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গণতন্ত্রের মধ্যে হিংসা শোভা পায় না, যদি ক্ষমতা থাকে হিংসার ছাড়া নির্বাচন জিতিয়ে দেখাক মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ বলেছেন, এই ভূমি বছরের পর বছর সারা দেশকে পথ দেখিয়েছে, নেতৃত্ব দিয়েছে। এই বাংলায় অনেক বছর ধরে কমিউনিস্ট শাসন ছিল, তারপর মা মাটি মানুষের স্লোগানে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে এলেন। আর এখন এই ভূমি বোমা বিস্ফোরণ, নারী অত্যাচার, দুর্নীতি এবং হিন্দুদের নিপীড়ণের কেন্দ্রে পরিণত করেছেন। মমতাকে আক্রমণ করে অমিত শাহ এও বলেন, “মমতা দিদি আপনার সময় শেষ হয়ে এসেছে, ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার তৈরি হবে। তৃণমূলের সরকার সমাপ্ত হলেই বিজেপি কার্যকর্তাদের যারা হত্যা করেছে তারা মাটির নিচে লুকিয়ে থাকলেও তাদের খুঁড়ে বার করা হবে।” অমিত শাহ আরও বলেন, “বাংলার পর্যটক যখন সেখানে মারা গেছিল তখনও একটা কথাও বলেনি, অথচ যখন অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বাংলায় এসে মোদীজি কথা বলেছেন তখন তাকে কটাক্ষ করতে ছাড়েনি। গুলির জবাব গোলার মাধ্যমে দিয়েছে মোদী সরকার।” অমিত শাহ বলেছেন, “মোদী জি শুধুমাত্র বাংলার উন্নয়নের জন্য প্রকল্প শুরু করেনি, বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ারও কাজ করেছেন। তার জন্যই মোদীজি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মান দিয়েছেন।”
রাঁচিতে দুর্ঘটনায় প্রাণ গেল চালকের
সকাল সকাল ডেস্ক। রাঁচি : দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে দাঁড়িয়ে থাকা হাইভার সংঘর্ষে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে রাঁচি-টাটা জাতীয় সড়কের নামকুম থানার অন্তর্গত রামপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চালকের নাম পাপ্পু যাদব। ওই পিকআপ ভ্যানটি জামশেদপুর থেকে রাঁচি ফিরছিল। রামপুর মোড়ে পৌঁছনোর পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এক পুলিশ আধিকারিক জানান, ইতিমধ্যেই উভয় গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান
সকাল সকাল ডেস্ক। লাহোর : সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৫৭ রানে হারল বাংলাদেশ। শুক্রবার রাতে পাকিস্তানের দেওয়া ২০২ তাড়া করতে নেমে ১৪৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ। এর ফলে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান সেই সঙ্গে তারা জিতে নিল সিরিজও। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সাহিবজাদা ফারহান খেলেন ৪৭ বলের ঝোড়ো ইনিংস, ১৮০ স্ট্রাইকরেটে করেন ৭৪ রান। তার এই রানের ওপর ভর করেই বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। আর হাসান নাওয়াজ করেন ৫১, মহম্মদ হারিস ৪১ ও সালমান আগা ১৯ রান। ম্যাচসেরার পুরস্কার জেতেন সাহিবজাদা ফারহান। জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার পরিচয় দিয়ে বাংলাদেশ থেমে যায় ১৪৪ রানে। বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য রান করেন তানজিদ হাসান ৩৩। পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আবরার আহমেদ। ৪ ওভারে ১৯ রানে নেন ৩ উইকেট। এছাড়া হাসান আলী, ফাহিম আশরাফ, হারিস রউফ, সাদাব খান, খুশদিল শাহ ও সাইম আয়ুব পেয়েছেন একটি করে উইকেট। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল পাকিস্তান। সেবারও পাকিস্তান করেছিল ২০১ রান। সেই রানের জবাব দিতে গিয়ে বাংলাদেশ করেছিল ১৬৪ রান। ফলে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল পাকিস্তান।
সামাজে মূল্যবোধের অবক্ষয়ের জন্য অনেকাংশে দায়ী সমাজিক যোগাযোগ মাধ্যম
উজ্জ্বল কুমার দত্ত। কুমারডুবি, ঝাড়খন্ড। চলে যাই। আমরা হয়তো ‘রিঅ্যাক্ট’ করি, কিন্তু বাস্তব জীবনে পাশে দাঁড়াতে পারি না। দিন-দিন আমরা কম মানবিক হয়ে যাচ্ছি এই প্রযুক্তির স্রোতে ভেসে। আমরা যে বিষয়টিকে অবজ্ঞা করি, সেটাই আজকের সমস্যার মূল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মনোযোগকে দেখে পণ্য হিসেবে। যার কনটেন্ট যত বেশি বিতর্কিত, চমকপ্রদ বা অশ্লীল, সেটাই বেশি ভিউ পায়, বেশি ছড়ায়।এর ফল ভয়াবহ। মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হচ্ছে, শিশু-কিশোররা ভুল আদর্শ শিখছে এবং সামগ্রিকভাবে সমাজের মূল্যবোধ ক্ষয়ে যাচ্ছে। ফলোয়ার পাওয়ার জন্য আমরা সংস্কৃতি ও নীতিকে বিসর্জন দিচ্ছি। অনেকে বলেন, ‘আমার মত প্রকাশের স্বাধীনতা আছে।’ অবশ্যই, মত প্রকাশের অধিকার আছে, কিন্তু সেটি অপরকে আঘাত করার অধিকার নয়। অনেকেই আজ ছদ্মনামে বা পেজ খুলে মানুষকে অপমান করছে, ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে, নারী বিদ্বেষী বা জাতিবিদ্বেষী মন্তব্য করছে। এক সময়ের সুস্থ বিতর্ক এখন রূপ নিয়েছে ডিজিটাল যুদ্ধে। স্বাধীনতা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি জরুরি দায়িত্ববোধ। না হলে এটি সমাজের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। আমরা কেবল কনটেন্ট ক্রিয়েটরদের দোষ দিয়ে দায় এড়াতে পারি না। দর্শক হিসেবেও আমাদের দায়িত্ব রয়েছে। আপনি যা দেখেন, তা সোশ্যাল মিডিয়ায় ‘সিগন্যাল’ হিসেবে কাজ করে। আপনার প্রতিটি ভিউ, শেয়ার, লাইক প্ল্যাটফর্মকে জানায় যে, আপনি সেই বিষয় পছন্দ করছেন। তাই যদি আমরা ভদ্রতা, জ্ঞানমূলক কনটেন্ট, কিংবা মানবিক বার্তা বেশি দেখতাম, তবে সোশ্যাল মিডিয়াও সেগুলোই ছড়াত বেশি। আমরা সক্রিয়ভাবে সংস্কৃতির রূপ নির্ধারণ করছি। তাই আমাদের সচেতন হতে হবে। (মতামত ব্যক্তিগত)