আফগানিস্তানে স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬ পড়ুয়া, আহত ৯৭

সকাল সকাল ডেস্ক

কাবুল: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে শনিবার সকালে একটি স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণে ছয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯৭ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিকারিকদের মতে, হতাহতের এই সংখ্যা প্রাথমিক এবং তদন্তের পর তা পরিবর্তিত হতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মৌলা দাদ জানিয়েছেন, বিস্ফোরণে ছয় পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং ৯৭ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।

কুনারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তা মৌলভি সামি-উল-হক জানিয়েছেন, শনিবার সকাল ১০টা নাগাদ পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে অবস্থিত বাড়িতে বিস্ফোরণ ঘটে। আধিকারিকদের মতে, ওই বাড়িটি খননকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ব্যবহার করতেন। সেখানে খননকাজে ব্যবহৃত বিস্ফোরক মজুত ছিল বলে জানা গিয়েছে।

তবে বিস্ফোরণের সঠিক কারণ এবং বিস্ফোরক সামগ্রী সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ঘটনায় মোট ক্ষয়ক্ষতির কোনও সরকারি হিসাব প্রকাশ করা হয়নি।

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে তদন্তকারী দল। বিস্ফোরণের কারণ এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখছেন আধিকারিকরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্ত শেষ হলে ঘটনার বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে আসতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে হামলার ঘটনায় ৯ থেকে ১৪ বছর বয়সি ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল।

Read More News

মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরই তৎপর ইবি, শিয়ালদহের কোলে মার্কেটে আচমকা অভিযান চালিয়ে খতিয়ে দেখা হলো বাজারদর

সকাল সকাল ডেস্ক কলকাতা : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী...

বাংলায় তৈরি হবে গুরু নানক ভবন, গুরু নানক জয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সকাল সকাল ডেস্ক কলকাতা : মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে রাজ্যে গুরু নানক দেবের নামে একটি...

Read More