সকাল সকাল ডেস্ক
গোণ্ডা : উত্তরপ্রদেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তিগতভাবে দক্ষ ও স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। শুক্রবার গোণ্ডায় ‘স্বামী বিবেকানন্দ যুব সশক্তিকরণ যোজনা’র আওতায় পড়ুয়াদের হাতে বিনামূল্যে ট্যাবলেট তুলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোণ্ডার শহিদ-ই-আজম সর্দার ভগৎ সিং ইন্টার কলেজে আয়োজিত অনুষ্ঠানে দেবীপাটন মণ্ডলের গোণ্ডা, বলরামপুর, বাহরাইচ ও শ্রাবস্তী জেলার হাজার হাজার শিক্ষার্থীকে ট্যাবলেট বিতরণ করা হয়। এদিন পড়ুয়াদের সঙ্গে হাসিমুখে সেলফি তুলতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন যোগী আদিত্যনাথ। তিনি জানান, মাইক্রোসফট, আইবিএম, ইনফোসিস, এইচসিএল এবং হিন্দুজা গ্রুপের মতো নামী সংস্থা উত্তরপ্রদেশে আসছে। টাটা গোষ্ঠীরও রাজ্যে শক্তিশালী উপস্থিতি রয়েছে। শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী রাজ্যের যুবসমাজকে দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে উত্তরপ্রদেশের তরুণদের আর কর্মসংস্থানের জন্য ভিনরাজ্যে যেতে হবে না। বরং রাজ্যের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে তাঁরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ তুলে যোগী জানান, বারাবাঁকি-বাহরাইচের মধ্যে চার লেনের নিয়ন্ত্রিত প্রবেশাধিকারযুক্ত করিডোর নির্মাণ করা হচ্ছে। লখনউ থেকে বাহরাইচ ও রূপাইডিহা পর্যন্ত উন্নত চার লেনের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্র সরকার ৭ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে। ইতিমধ্যেই গোণ্ডা-লখনউ সড়ককে দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হয়েছে। পাশাপাশি জারওয়াল রোডের কাছে ঘাঘরা নদীর ওপর চার লেনের সেতু নির্মাণের কাজও এগিয়ে চলেছে।
অনুষ্ঠানের শেষে পড়ুয়াদের স্বপ্নপূরণে উৎসাহিত করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের ট্যাবলেট যেমন চার্জ দিয়ে রাখবেন, তেমনই নিজেদের স্বপ্ন ও সংকল্পকেও সর্বদা ‘চার্জ’ করে রাখবেন।” প্রযুক্তির সদ্ব্যবহার এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
No Comment! Be the first one.